ফিরতি লেগ সোমবার থেকে
প্রথম দিনে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব-বিজেএমসি এবং আবাহনী লিমিটেড-ফেনী সকার ক্লাব।
সোমবার থেকে শুরু হচ্ছে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ফিরতি লেগ।
প্রথম দিনে দুটি ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বিজেএমসি। ফেনীর ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ ফেনী সকার ক্লাব।
প্রথম লেগ শেষে ১৯ পয়েন্ট নিয়ে শেখ রাসেল লিগের শীর্ষে থাকলেও তাদের কাছাকাছি আছে শেখ জামাল (১৮ পয়েন্ট) ও আবাহনী (১৭ পয়েন্ট)। তাই এবারের পেশাদার লিগের শিরোপা লড়াইও দারুণ জমজমাট।
১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। পঞ্চম মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সংগ্রহ ১৩ পয়েন্ট। বিজেএমসি ১১ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
ব্রাদার্স, ফেনী সকার ও আরামবাগের অবস্থা করুণ। ৩ পয়েন্ট করে নিয়ে সবচেয়ে নিচে আরামবাগ ও ফেনী সকার ক্লাব। এই দুদলের চেয়ে ব্রাদার্সের ১ পয়েন্ট বেশি। গোপীবাগের দলটিও তাই অবনমনের শঙ্কার মধ্যে।
