মোহামেডানে ‘বিদ্রোহ’ অব্যাহত
দ্বিতীয় দিনেও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবলার ও কর্মকর্তাদের মধ্যে সমঝোতা হয়নি। বকেয়া বেতনের দাবিতে রোববারও অনুশীলন বর্জন করেন ফুটবলাররা।
স্থানীয় ফুটবলাররা প্রায় সারা দিনই ঘরবন্দী ছিলেন। বিদেশি ফুটবলাররা বাফুফে ভবন সংলগ্ন টার্ফে অনুশীলন করতে চাইলেও অনুমতি পাননি।
‘বিদ্রোহী’ ফুটবলারদের শাস্তি দেয়ার কথা ভাবছেন ক্লাব কর্মকর্তারা।
সমঝোতার লক্ষ্যে রোববার ফুটবলারদের সঙ্গে বৈঠক করেন মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, ব্যবস্থাপক আমিরুল ইসলাম বাবুসহ কয়েক জন কর্মকর্তা।
কর্মকর্তারা সাত দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেন। তবে তাদের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হননি ফুটবলাররা, অনুশীলনেও যোগ দেননি।
মোহামেডানের কর্মকর্তাদের অবশ্য দাবি, খেলোয়াড়দের সঙ্গে সমঝোতা হয়ে গেছে এবং তারা রোববার অনুশীলনে যোগও দিয়েছেন।
এ ব্যাপারে মোহামেডানের কোচ সাইফুল বারী টিটুর সঙ্গে কথা বলতে চাইলে প্রথমে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খেলোয়াড়রা অনুশীলন করে থাকলেও সেটা তারা ব্যক্তিগতভাবে করেছে। আমি তাদের অনুশীলন করাইনি।”
বেশির ভাগ ফুটবলারের অভিযোগ, তাদের তিন-চার মাসের বেতন বকেয়া আছে।
তবে লোকমান হোসেন ভূঁইয়া জানিয়েছেন অন্য কথা। তিনি বলেন, “খেলোয়াড়রা শুধু ডিসেম্বর মাসের বেতন পাবে। মাত্র এক মাসের বেতনের জন্য তারা অনুশীলন বর্জন করছে। এর ফলে ক্লাবের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।”
“এভাবে অনুশীলন বর্জন করা আচরণবিধি বহির্ভূত। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে,” যোগ করেন মোহামেডানের পরিচালক।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক জ্যেষ্ঠ ফুটবলার মনে করেন, ক্লাব কর্তৃপক্ষ কারণ দর্শানো নোটিশ দিয়ে তাদের অপমান করেছে। তিনি বলেন, “আমরা যখন লিগের সবচেয়ে শক্তিশালী দলের (শেখ রাসেল ক্রীড়া চক্র) বিপক্ষে জিতেছি তখন বাহবা পাইনি। কিন্তু মুক্তিযোদ্ধার কাছে হেরে তিরস্কার পেয়েছি। আমাদের বেতন-ভাতা বন্ধ করে রাখা হয়েছে। এটা কিছুতেই মেনে নেয়া যায় না।”
