ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন জোকোভিচ
অস্ট্রেলিয়ান ওপেনে টানা তৃতীয় শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। রোববার ফাইনালে অ্যান্ডি মারেকে ৬-৭(২-৭), ৭-৬(৭-৩), ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন পুরুষদের র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসও গড়েছেন জোকোভিচ। টেনিসের উন্মুক্ত যুগে্ আর কোনো পুরুষ খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিন বার শিরোপা জিততে পারেননি।
সাম্প্রতিক সময়ে জোকোভিচ-মারের প্রায় প্রতিটি লড়াই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভরা। গত সেপ্টেম্বরে ইউএস ওপেনে তো গ্র্যান্ড স্লামের ইতিহাসের দীর্ঘতম ফাইনালের রেকর্ড গড়ে জোকোভিচকে হারিয়ে দেন মারে।
রোববার প্রথম দুই সেটও তেমন আভাসই দিচ্ছিল। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় প্রথম দুই সেটে কেউ সার্ভিস ব্রেক করতে পারেননি। টাইব্রেকারে প্রথম সেট জিতে এগিয়ে যান ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে ৭৬ বছর পর বৃটিশদের গ্র্যান্ড স্লামের শিরোপা উপহার দেয়া মারে।
দ্বিতীয় সেটেও তীব্র লড়াই। শুধু পাল্টে যায় বিজয়ীর নাম। টাইব্রেকারে জিতে সমতা নিয়ে আসেন জোকোভিচ।
পরের দুই সেটে অবশ্য তেমন লড়াই হয়নি। আক্রমণাত্মক জোকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি তৃতীয় বাছাই মারে। লন্ডন অলিম্পিক চ্যাম্পিয়নকে সহজেই হারিয়ে হ্যাটট্রিক শিরোপার আনন্দে মেতে ওঠেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই।
ম্যাচের পুরো সময়ের চিত্রও তুলে ধরে শেষ দুই সেটের অসম লড়াইকে। ৩ ঘন্টা ৪০ মিনিটের শিরোপা লড়াইয়ের প্রথম দুই সেটের সময়সীমা ৬৮ ও ৬৫ মিনিট। অথচ তৃতীয় ও চতুর্থ সেটের দৈর্ঘ্য ছিল মাত্র ৪১ ও ৪৬ মিনিট।
পরিসংখ্যানেও এগিয়ে জোকোভিচ। তার ৪৭টি ‘উইনার্স’-এর বিপরীতে মারের মাত্র ২৯। ‘এইস’-এও ৮-৭ ব্যবধানে এগিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন।
মারের পাঁচটির বিপরীতে জোকোভিচের ‘ডাবল ফল্ট’ তিনটি। জোকোভিচ মোট পয়েন্ট জিতেছেন ১৩৯, মারে ১২৬। শুধু ‘আনফোর্সড এরোর্স’-এ পিছিয়ে সার্বিয়ান তারকা। মারের ৪৬টির বিপরীতে তিনি করেন ৬১টি।
জীবনের ছয়টি গ্র্যান্ড স্লামের চারটিই অস্ট্রেলিয়ান ওপেনে। আবার ট্রফি হাতে নিয়ে তাই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন জোকোভিচ।
খেলা শেষে তিনি বলেন, “এই আনন্দ বলে বোঝানোর মতো নয়। এই ট্রফিটা আবার জিততে পারার অনুভূতি অবিশ্বাস্য। অবশ্যই এটা আমার সবচেয়ে প্রিয় গ্র্যান্ড স্লাম। এই টুর্নামেন্টকে আমি ভালোবাসি। এই কোর্টকে আমি ভালোবাসি। অ্যান্ডিকেও আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাই।”
“গত দুই বছরে আমরা অনেকগুলো অসাধারণ ম্যাচ খেলেছি। আজকের রাতটা তার জন্য দুর্ভাগ্যজনক ছিল। মৌসুমের বাকি সময়ের জন্য তার প্রতি আমার শুভ কামনা রইল,” যোগ করেন জোকোভিচ।
হারের হতাশা ভুলে প্রতিপক্ষকে শুভেচ্ছা জানান মারেও। তিনি বলেন, “আমি নোভাককে ধন্যবাদ দিতে চাই। এখানে তার (জোকোভিচের) রেকর্ড অবিশ্বাস্য। সে এখানে যা করেছে তা খুব কম মানুষই করতে পেরেছে। সে একজন অসাধারণ চ্যাম্পিয়ন, তার প্রতি আমার শুভেচ্ছা।”
