২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচ-মারের শিরোপা লড়াই

রোববার অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Jan 2013, 07:25 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

পুরুষদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জোকোভিচ এখন পর্যন্ত পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। এর মধ্যে তিনটিই অস্ট্রেলিয়ান ওপেনে। ২০১১ ও ২০১২ সালে সাফল্য পাওয়ায় সার্বিয়ান তারকার সামনে এখন ‘হ্যাটট্রিক’ শিরোপার হাতছানি। মেলবোর্ন পার্কে উন্মুক্ত যুগে যে কৃতিত্ব কোনো পুরুষ খেলোয়াড় দেখাতে পারেননি।

গত বছর লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারের অনুপ্রেরণার উৎস পুরো বৃটিশ জাতি। গত বছর ইউএস ওপেনের ফাইনালে জোকোভিচকে হারিয়েই বৃটিশদের কাছে তিনি হয়ে ওঠেন ‘হ্যালির ধূমকেতু’!

হ্যালির ধূমকেতু পৃথিবীতে আবির্ভূত হয় ৭৬ বছর পর-পর। প্রকৃতির এই রহস্যের মতো মারের সৌজন্যে দীর্ঘ ৭৬ বছর পর কোনো গ্র্যান্ড স্লামে শিরোপার মধুর স্বাদ পেয়েছিল বৃটিশরা।

সাম্প্রতিক সময়ে জোকোভিচ ও মারের লড়াই নতুন মাত্রা যোগ করেছে টেনিস বিশ্বে।

গতবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে মারেকে হারালেও জোকোভিচকে লড়তে হয়েছিল ৪ ঘন্টা ৫৫ মিনিট। ইউএস ওপেনের ফাইনালে প্রতিশোধ নিয়েই ‘ম্যারাথন’ লড়াই শেষে মারে হারিয়ে দেন জোকোভিচকে। ৪ ঘন্টা ৫৬ মিনিট স্থায়ী ঐ ম্যাচটিই গ্র্যান্ড স্লামের দীর্ঘতম ফাইনাল।

পরিসংখ্যানে অবশ্য জোকোভিচ এগিয়ে। এর আগে ১৭টি মুখোমুখি লড়াইয়ে জোকোভিচ জিতেছেন ১০ বার, আর মারে ৭ বার।

গ্র্যান্ড স্লামের লড়াইয়েও জোকোভিচ এগিয়ে, তিনবারের মধ্যে দুবার বিজয়ী তিনি।

এবার তাই মারের সামনে ২-২ করার লক্ষ্যও।