মোহামেডানের ফুটবলারদের ‘বিদ্রোহ’
বকেয়া বেতনের দাবিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবলাররা বিদ্রোহ করেছেন। শনিবার তারা অনুশীলনে না গিয়ে নিজেদের ঘরে শুয়ে থাকেন।
বিকেলে কোচ সাইফুল বারী টিটু এসে অনুশীলনে যেতে বললেও তারা যাননি। এ ব্যাপারে ফুটবলাররা কোনো মন্তব্য করতেও রাজি হননি।
টিটু জানান, “বেলা তিনটা থেকে আমাদের অনুশীলন ছিল। কিন্তু আমি এসে কাউকেই অনুশীলনে পাইনি। ক্লাব আর ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার সমস্যা থাকতে পারে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।”
গত ৫ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে ৪-১ গোলে হেরে যাওয়ার পর মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ ফুটবলারদের কারণ দর্শানো নোটিশ দেয়। তখন থেকেই ফুটবলারদের মনে বিদ্রোহের দানা বাঁধে। বকেয়া বেতন না পাওয়ায় শনিবার তারই বহিঃপ্রকাশ দেখা যায়।
প্রথম লেগ শেষে ছুটিতে যাওয়ার আগেই সবার বেতন-ভাতা পরিশোধ করার কথা ছিল। কিন্তু তা হয়নি।
কর্মকর্তারা প্রতিশ্রুতি দিলে ১৬ জানুয়ারি থেকে দ্বিতীয় লেগের অনুশীলনে যোগ দেন ফুটবলাররা। তবে দশ দিন কেটে যাওয়া পরও বেতন-ভাতা বাকি থাকায় অনুশীলন বয়কট করেন তারা।
মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াও বেতন-ভাতা বাকি থাকার কথা স্বীকার করলেন। তিনি বলেন, “মুক্তিযোদ্ধার কাছে হেরে যাওয়ার পর ১৪ জন খেলোয়াড়কে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। বিষয়টা তদন্তাধীন থাকায় আমরা তাদের বেতন-ভাতা স্থগিত রেখেছি। কিন্তু তার জন্য তো তারা বিদ্রোহ করতে পারে না।”
“মুক্তিযোদ্ধা আমাদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল দল। মোহামেডান তাদের কাছে চার গোলে হেরে যাওয়ার মতো দল নয়। আমাদের এই দলই লিগের সবচেয়ে শক্তিশালী দলকে (শেখ রাসেল ক্রীড়া চক্র) ৩-১ গোলে হারিয়েছে,” যোগ করেন মোহামেডানের পরিচালক।
গত মৌসুমে মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগোও বকেয়া বেতনের দাবিতে বিদ্রোহ করেছিলেন। সংবাদ সম্মেলন করে ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশও করেছিলেন তিনি ।
