অনেক দিনের জন্য মাঠের বাইরে ক্যাসিয়াস
বাঁ হাতে অস্ত্রোপচার করায় আট থেকে ১২ সপ্তাহ খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের অধিনায়ক ও গোলরক্ষক।
দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন ইকার ক্যাসিয়াস। শুক্রবার স্পেনের একটি হাসপাতালে রিয়াল মাদ্রিদের অধিনায়ক ও গোলরক্ষকের চোট আক্রান্ত বাঁ হাতে অস্ত্রোপচার করা হয়।
গত বুধবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে স্প্যানিশ কিংস কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে সতীর্থ ডিফেন্ডার আলভেরো আরবেলোয়ার সঙ্গে ধাক্কা লেগে বাঁ হাতে চোট পান ক্যাসিয়াস।
ক্যাসিয়াসের হাতে অস্ত্রোপচার করা চিকিৎসক মিগুয়েল দেল সেরো জানান, “অস্ত্রোপচার সফল হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার আট থেকে ১২ সপ্তাহের মতো সময় লাগবে। তবে সময় নিয়ে কথা না বলে অপেক্ষা করাই ভালো।”
এ মৌসুমের শুরু থেকেই রিয়ালের হতাশার সঙ্গে বসবাস। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে থাকায় তাদের স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ।
কোচ জোসে মরিনিয়ো তাই লা লিগার কথা ভুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কিংস কাপের শিরোপার দিকে তাকিয়ে।
কিন্তু দুটো টুর্নামেন্টেই তাদের সামনে কঠিন পরীক্ষা। কিংস কাপের সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বার্সা। আর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে ম্যানচেস্টার ইউনাইটেড।
বুধবার শুধু ক্যাসিয়াসই ‘দুর্ঘটনা’য় পড়েননি, লাল কার্ড দেখেন পর্তুগিজ ডিফেন্ডার ফ্যাবিও কোয়েন্ত্রাও এবং আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়াও। আগামী বুধবার চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিংস কাপের সেমিফাইনালের প্রথম লেগে তাই দুজনকেই পাচ্ছে না রিয়াল।
অনুপস্থিতের তালিকায় যোগ হলো ক্যাসিয়াসের নামও। আগামী ১২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউর বিপক্ষে প্রথম লেগও খেলতে পারবেন না বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক।
ক্যাসিয়াসের বিকল্প হিসেবে সেভিয়া থেকে সাবেক গোলরক্ষক দিয়েগো লোপেজকে ফিরিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। তার সঙ্গে রিয়ালের চুক্তি সাড়ে তিন বছরের। ৩১ বছর বয়সী লোপেজ ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাবাউতে ছিলেন।
