আবার রিয়াল-বার্সা লড়াই
স্প্যানিশ কিংস কাপের দুই লেগের সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
কোপা দেল রে বা স্প্যানিশ কিংস কাপের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মালাগাকে ৪-২ গোলে হারানোয় ৬-২ অগ্রগামিতায় শেষ চার নিশ্চিত হয়ে গেছে তাদের।
সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আগামী বুধবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবাউতে প্রথম লেগ।
অন্য সেমিফাইনালে খেলবে অ্যাতলেতিকো মাদ্রিদ ও সেভিয়া। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ২-০ গোলে জেতা অ্যাতলেতিকো রিয়াল বেতিসের মাঠে ফিরতি লেগ ১-১ গোলে ড্র করেছে।
বার্সেলোনার মাঠে প্রথম লেগ ২-২ গোলে ড্র করায় ফিরতি লেগে দারুণ অনুপ্রাণিত ছিল মালাগা। দু-দুবার সমতা ফিরিয়ে সমর্থকদের আনন্দে ভাসিয়েও দিয়েছিল স্বাগতিকরা। কিন্তু শেষ রক্ষা হয়নি এ মৌসুমে্ প্রথম বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েই শেষ ষোলতে পৌঁছে যাওয়া মালাগার।
নবম মিনিটে দানি আলভেজের ক্রসে হেড করে পেদ্রো গোল করলেও এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন বার্সা।
তিন মিনিট পরই মালাগার একটি দ্রুতগতির পাল্টা আক্রমণের সফল রূপায়ন হোয়াকিনের নিচু শটের মাধ্যমে (১-১)।
এরপর লিওনেল মেসি একটি সহজ সুযোগ নষ্ট করলে আর আন্দ্রেস ইনিয়েস্তার প্রচেষ্টা ক্রসবারে বাধা পেলে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য দ্বিতীয় বারের মতো এগিয়ে যায় টুর্নামেন্টের রেকর্ড ২৬ বারের চ্যাম্পিয়নরা। ৪৯ মিনিটে ইনিয়েস্তার ক্রস বুক দিয়ে নামিয়ে জোরালো শটে গোল করেন মঙ্গলবার প্রথম বারের মতো বাবা হওয়া জেরার্ড পিকে।
এরপর নিয়ন্ত্রণ বার্সার হাতে থাকলেও ৬৮ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে মালাগাকে আবার সমতায় ফেরান রকে সান্তা ক্রুজ (২-২)।
তবে অতিথিদের ক্ষুরধার আক্রমণের সামনে টিকতে পারেনি স্বাগতিকরা। ৭৬ মিনিটে সেস ফ্যাব্রেগাসের বুদ্ধিদীপ্ত আক্রমণকে সাফল্যে রূপ দিয়ে দারুণ এক গোল করেন ইনিয়েস্তা (৩-২)।
চার মিনিট পর টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসির গোলে জয় নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার (৪-২)।
