ফেদেরারকে হারিয়ে ফাইনালে মারে
রোববার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অ্যান্ডি মারের প্রতিপক্ষ গত দুই বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে চার ঘন্টা দীর্ঘ লড়াই শেষে রজার ফেদেরারকে ৬-৪, ৬-৭, ৬-৩, ৬-৭, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। রোববার ফাইনালে মারের প্রতিপক্ষ টুর্নামেন্টের গত দুই বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ।
লন্ডন অলিম্পিকে ফেদেরারকে হারিয়েই পুরুষ এককের সোনা জিতেছিলেন মারে। তবে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে আগের তিনটি মুখোমুখি লড়াইয়ে কখনোই ফেদেরারকে হারাতে পারেননি তিনি।
শুক্রবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় অবশ্য শুরু থেকেই জয়ের স্পৃহা ফুটে বেরোচ্ছিল গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জিতে ৭৬ বছর পর বৃটিশদের গ্র্যান্ড স্লামের পুরুষ এককের শিরোপা উপহার দেয়া মারের র্যাকেট থেকে।
রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ও টাইব্রেকার ‘বিশেষজ্ঞ’ ফেদেরার দ্বিতীয় ও চতুর্থ সেট টাইব্রেকারে জিতে দুবার সমতা ফেরালেও শেষ সেটে পাত্তাই পাননি।
পরিসংখ্যানেও অনেক এগিয়ে ছিলেন মারে। ফেদেরারের ৫টির বিপরীতে তিনি ‘এইস’ মেরেছেন ২১টি। ‘উইনার্স’ সংখ্যায় মারের অগ্রগামিতা ৬২-৪৩। ফেদেরার দুবার ‘ডাবল ফল্ট’ করলেও মারে করেননি একটিও।
সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়কে এভাবে হারাতে পেরে তাই একই সঙ্গে আনন্দিত ও তৃপ্ত মারে। খেলা শেষে তিনি বলেন, “ম্যাচটা ভীষণ কঠিন ছিল। আমার মনে হয় আজ রাতে আমি ভালোই খেলেছি। গ্র্যান্ড স্লামে তার (ফেদেরার) বিপক্ষে আমি কয়েকটি কঠিন ম্যাচে হার মেনেছি। তাই এভাবে জিততে পেরে স্বাভাবিকভাবেই খুব ভালো লাগছে।”
হেরে গেলেও তেমন দুঃখিত নন ফেদেরার। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, “লড়াইটা খুব কঠিন ছিল। ম্যাচটা আমি খুব উপভোগ করেছি। আজ রাতে অ্যান্ডি (মারে) আমার চেয়ে অনেক ভালো খেলেছে। আমার তাই কোনো আক্ষেপ নেই।”
