জাতীয় দলের প্রস্তুতি নেপালে
ঘরোয়া ফুটবলের ব্যস্ততার কারণে আগামী মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বের প্রস্তুতির জন্য সময় বের করা কঠিন। তাই জাতীয় দলের প্রস্তুতি হবে প্রতিযোগিতার আয়োজক দেশ নেপালে।
বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভায় প্রস্তুতির জন্য এক সপ্তাহ আগে নেপালে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন এই তথ্য।
জাতীয় দলের প্রধান কোচ লুডউইক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারের ১৫ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে ঢাকায় আসার কথা। ২১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল স্থগিত থাকবে। এরপরই জাতীয় দলের দায়িত্ব নেবেন দুই ডাচ কোচ।
বৃহস্পতিবারের সভায় নির্বাহী কমিটি আগামী অক্টোবরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ আয়োজনেরও অনুমোদন দিয়েছে। ৬ থেকে ৮টি দল নিয়ে এই প্রতিযোগিতা হওয়ার কথা।
বঙ্গবন্ধু গোল্ড কাপে অংশ নেয়ার জন্য এরই মধ্যে কুয়েত, কাতার, বাহরাইন, মালয়শিয়া, থাইল্যান্ড, মিয়ানমার ও ভারতকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। আরো তিনটি দেশকে আমন্ত্রণ জানানো হবে।
এ প্রসঙ্গে বাফুফে সভাপতি জানান, “আমি চাই একটি মানসম্পন্ন প্রতিযোগিতার আয়োজন করতে। বিশ্বকাপ খেলেছে বা খেলতে পারে এমন দেশগুলোকে নিয়ে এই টুর্নামেন্ট হবে।”
আগামীতে প্রত্যেক বছরের অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন সালাউদ্দিন।
স্বাধীনতা দিবস ফুটবল আয়োজনের সিদ্ধান্তও হয়েছে বৃহস্পতিবারের সভায়। পেশাদার লিগের ৯টি ক্লাবের সঙ্গে বাছাই পর্ব পেরিয়ে আসা তিনটি দলকে নিয়ে হবে এই প্রতিযোগিতা। শুরুর তারিখ ঠিক না হলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ফাইনাল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোটি টাকার টুর্নামেন্ট সুপার কাপ গত বছর হয়নি। তবে এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা ৬ দলকে নিয়ে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। তার সঙ্গে বাফুফের চুক্তি দুই বছরের।
