কিংস কাপের শেষ চারে রিয়াল
ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদের অগ্রগামিতা ৩-১।
স্প্যানিশ কিংস কাপ বা কোপা দেল রে’র সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার মাঠে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ১-১ গোলে ড্র করলেও ৩-১ অগ্রগামিতা শেষ চারে পৌঁছে দিয়েছে তাদের।
ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগ ২-০ গোলে জিতেছিল স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
অন্য কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে অতিথি জারাগোজাকে ৪-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে সেভিয়া। জারাগোজার মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।
ভ্যালেন্সিয়ার এস্তাদিও দি মেস্তালায় পঞ্চদশ মিনিটে এক ‘দুর্ঘটনা’ থমকে দেয় রিয়ালকে। সতীর্থ ডিফেন্ডার আলভারো আরবেলোয়ার সঙ্গে ধাক্কা খেয়ে হাতে চোট পেয়ে মাঠে ছাড়েন গোলরক্ষক ও অধিনায়ক ইকার ক্যাসিয়াস।
প্রথমার্ধে অবশ্য গোলও পেয়ে যায় রিয়াল। ৪৪ মিনিটে মিডফিল্ডার জাবি আলনসোর পাস থেকে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আবার রিয়ালের জন্য হতাশা। ৫১ মিনিটে হ্যান্ডবলের অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে দলকে দশ জনে পরিণত করেন ডিফেন্ডার ফ্যাবিও কোয়েন্ত্রাও।
পরের মিনিটেই রিয়ালের বদলি গোলরক্ষক আন্তনিও আদানকে বোকা বানিয়ে ফ্রিকিক থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার আলবার্তো কস্তা।
রিয়ালের সেমিফাইনালের পথে ভ্যালেন্সিয়া আর কোনো বাধা সৃষ্টি করতে না পারলেও ‘দুর্ঘটনা’ পিছু ছাড়েনি জোসে মরিনিয়োর দলের। ৮৮ মিনিটে অকারণে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া।
আগামী ৩০ জানুয়ারি সেমিফাইনালের প্রথম লেগে তাই ডি মারিয়া-কোয়েন্ত্রাকে ছাড়াই মাঠে নামতে হবে রিয়ালকে। ক্যাসিয়াসকে পাওয়া নিয়েও শঙ্কা আছে।
