সেমিফাইনাল থেকে শারাপোভার বিদায়
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন মেয়েদের এককের দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা। বৃহস্পতিবার সেমিফাইনালে ষষ্ঠ বাছাই লি নার কাছে ৬-২, ৬-২ গেমে হেরে গেছেন তিনি।
গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতে ‘ক্যারিয়ার স্লাম’ পূর্ণ করা অর্থাৎ চারটি গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব দেখানো শারাপোভা এবারের অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছিলেন দুর্দান্তভাবে। প্রথম দুই ম্যাচে একটিও গেম হারেননি তিনি।
২৮ বছর পর কোনো গ্র্যান্ড স্লামে টানা দুই ম্যাচ একটিও গেম না হারার কীর্তি গড়া শারাপোভা একটি রেকর্ডও গড়েছেন। এতদিন অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালের আগে সবচেয়ে কম ১২টি গেম হারার রেকর্ড ছিল যুগোস্লাভ বংশোদ্ভূত সাবেক মার্কিন তারকা মনিকা সেলেসের। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মাত্র ৯টি গেম হেরে সেই রেকর্ড ভেঙ্গে দেন শারাপোভা।
কিন্তু শেষ চারের লড়াইয়ে দাঁড়াতেই পারেননি তিনি। ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন লি না ৯৩ মিনিটে খেলা শেষ করে দিয়ে জীবনে দ্বিতীয় বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে যান।
হেরে গিয়ে হতাশ ঠিকই, তবে প্রতিপক্ষকে প্রাপ্য সম্মান দিতেও কার্পণ্য করেননি শারাপোভা। খেলা শেষে তিনি বলেন, “সত্যিই সে (লি) অসাধারণ একটা ম্যাচ খেলেছে। আমার থেকে সে অনেক বেশি আক্রমণাত্মক ছিল। পুরো খেলাই সে শাসন করেছে। সব সময়ই আমি রক্ষণাত্মক ছিলাম।”
শারাপোভা ব্যর্থ হলেও শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা ফাইনালে উঠেছেন সহজেই। সরাসরি সেটে জিতে ফাইনাল নিশ্চিত করেছেন গত দুবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচও।
কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে দেয়া স্লোয়ান স্টিফেন্স পাত্তাই পাননি আজারেঙ্কার কাছে। খেলার ফল ৬-১, ৬-৪।
পুরুষ এককের চতুর্থ বাছাই স্পেনের ডেভিড ফেরারকে ৬-২, ৬-২, ৬-১ গেমে হারিয়ে হ্যাটট্রিক শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন জোকোভিচ।
শনিবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে লি নার বিপক্ষে কোর্টে নামবেন আজারেঙ্কা। আর রোববার টুর্নামেন্টের শেষ দিনে অনুষ্ঠেয় ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ শুক্রবার রজার ফেদেরার-অ্যান্ডি মারের দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী।
