২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফীসের শতকে খুলনার প্রথম জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবারের দ্বিতীয় খেলায় শাহরিয়ার নাফীসের অপরাজিত শতকের সৌজন্যে দুরন্ত রাজশাহীকে সহজেই ৬৮ রানে হারিয়েছে খুলনা রয়েল বেঙ্গলস।

অনীক মিশকাত অনীক মিশকাত

খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 12:08 PM

Updated : 13 Oct 2022, 02:47 PM

খুলনার এটাই প্রথম জয়। অন্য দিকে রাজশাহীর তৃতীয় হার।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৯৭ রান করে খুলনা। বিপিএলে প্রথমে ব্যাট করে কোনো উইকেট না হারানোর এটাই প্রথম ঘটনা। জবাবে ১৮ ওভার ৩ বলে ১২৯ রানেই অলআউট হয়ে যায় রাজশাহী।

খেলার শুরুতে বোঝা যায় নি এমন কিছু হতে যাচ্ছে। মনির হোসেনের করা প্রথম ওভারটি ছিল মেডেন! অবশ্য ঘুরে দাঁড়াতে সময় নেয় নি খুলনা। দ্বিতীয় ওভারে ২১ রান নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন লু ভিনসেন্ট।

টি-টোয়েন্টিতে প্রথম শতকের দেখা পাওয়া নাফীস অপরাজিত থাকেন ১০২ রানে। তার ৬৯ বলের ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কা। অর্ধশতকে পৌঁছান ৫০ বলে, আর শতক আসে ৬৭ বলে।

২০১১ সালের নভেম্বরে জাতীয় লিগের পর যে কোনো ধরনের ক্রিকেটে এটাই তার প্রথম শতক। ২০০৬ সালে এই মাঠেই তার নেতৃত্বে নিজেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিল বাংলাদেশ।

খুলনার অধিনায়ক এতো দিন ১৫ ম্যাচে করেছিলেন ২১৯ রান। সর্বোচ্চ ছিল ৪৩। নিজের প্রথম অর্ধশতককেই তিন অঙ্কে নিয়ে গেছেন তিনি।

নাফীসের ইনিংস অবশ্য নিখুঁত নয়। চতুর্থ ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ১২ রানে নাঈম ইসলাম জুনিয়রকে ফিরতি ক্যাচ দিয়ে একবার জীবন পান তিনি।

বিপিএলের চলতি আসরে এটাই প্রথম শতক। টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানেরও প্রথম। গত আসরে চট্টগ্রামের বিপক্ষে জুনায়েদ সিদ্দিকের অপরাজিত ৮৯ ছিল স্থানীয় ক্রিকেটারদের সর্বোচ্চ রান।

প্রথম আসরে শতক হয়েছিল চারটি। এর দুটিই এসেছিল ক্রিস গেইলের ব্যাট থেকে। একটি করে শতক করেছিলেন আহমেদ শেহজাদ ও ডোয়াইন স্মিথ।

বিপিএলের গত আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট রয়্যালসের বিপক্ষে উদ্বোধনী জুটিতে অপরাজিত ১৬৭ রানের জুটি গড়েছিলেন গেইল ও শেহজাদ। সেই রেকর্ড এবার নতুন করে লিখিয়েছেন নাফীস-ভিনসেন্ট।

মাত্র ৪ রানের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙ্গা হয় নি তাদের। গত বছরের জানুয়ারিতে ওয়েলিংটনের বিপক্ষে ২০১ রানের জুটি গড়েছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের পিটার ইনগাম ও জেমি হাউ।

নাফীসের শতকের জন্য একটু আড়ালেও পড়ে গেলেও শুরুতে ভিনসেন্টের আক্রমণাত্মক ব্যাটিংয়েই এলোমেলো হয়ে গিয়েছিল রাজশাহীর বোলিং। ৮৯ রানে অপরাজিত থাকা ভিনসেন্টের ৫১ বলের ইনিংসটি ৮টি ছক্কা ও ৬টি চার সমৃদ্ধ।

বড়[ লক্ষ্য তাড়া করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি রাজশাহী। পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছালেও তাদের কেউ ত্রিশ কোঠায় যেতে পারেন নি। সর্বোচ্চ ২৬ রান অধিনায়ক জহুরুল ইসলামের। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান চালর্স কভেন্ট্রির।

২২ রানে ৩ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার ফরহাদ রেজা। দুটি করে উইকেট নেন শাপুর জাদরান ও ড্যানিয়েল হ্যারিস।