চেন্নাইয়ে নিয়াজ চতুর্থ
চেন্নাই সুপার কিংস দাবা প্রতিযোগিতায় চতুর্থ হয়েছেন নিয়াজ মোরশেদ। ১১ খেলা থেকে বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টারের সংগ্রহ সাড়ে আট পয়েন্ট। পুরস্কার হিসেবে ৬০ হাজার ভারতীয় রুপি পেয়েছেন তিনি।
বুধবার শেষ রাউন্ডে ভারতের গ্র্যান্ড মাস্টার বি আদিভানের সঙ্গে ড্র করেন নিয়াজ।
সাড়ে সাত পয়েন্ট পেয়ে ২৩তম হয়েছেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। শেষ রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার ডি পি সিংকে হারিয়েছেন তিনি।
বাংলাদেশের অন্য দাবাড়ুদের মধ্যে জামালউদ্দিন ১০৯তম, কাজী তাহেরুল ইসলাম ১৩৬তম, এসএম স্মরণ ১৫৬তম ও আনিসুজ্জামান জুয়েল ১৬০তম হয়েছেন।
১১ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় ১৩টি দেশের ১৭ জন গ্র্যান্ড মাস্টার ও ২০ জন আন্তর্জাতিক মাস্টারসহ ২৫৯ জন দাবাড়ু অংশ নেন।
