অস্ট্রেলিয়ান ওপেন থেকে সেরেনার বিদায়
আবারো চোটের কাছে পরাস্ত হলেন সেরেনা উইলিয়ামস।
বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে স্লোয়ান স্টিফেন্সের কাছে ৩-৬,৭-৫,৬-৪ গেমে হেরে যান পাঁচ বারের এই চ্যাম্পিয়ন।
চোটের কারণে দীর্ঘ দিন কোর্টের বাইরে থাকা সেরেনা ২০১২ সালের উইম্বলডন থেকে আবারো ফর্ম ফিরে পেয়েছিলেন। উইম্বলডনের পর তিনি জেতেন ইউএস ওপেন।
মাঝে লন্ডন অলিম্পিকের সোনাও ঘরে তোলেন। দ্বৈতে জিতলেও এককে এটাই তার প্রথম অলিম্পিক সোনা।
এ বছরের চারটি গ্র্যান্ডস্লাম শিরোপাই জিতে নেয়ার ঘোষণাও দিয়েছিলেন সেরেনা। টেনিসের আরেক কিংবদন্তী মার্টিনা নাভ্রাতিলোভারও বিশ্বাস ছিল, ১৫টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনার পক্ষে ওই মাইলফকে পৌঁছানো সম্ভব।
কিন্তু চোট সেরেনার সেই স্বপ্নকে পিছিয়ে দিল।
জার্মানির কিংবদন্তী টেনিস খেলোয়াড় স্টেফি গ্রাফ মেয়েদের এককে সর্বশেষ ১৯৮৮ সালে এই কৃতিত্ব দেখাতে পেরেছিলেন।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই গোঁড়ালিতে চোট পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেরেনা। মঙ্গলবার বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে মেয়েদের দ্বৈতের কোয়ার্টার ফাইনালে খেলার সময় আবারো একই জায়গায় চোট পান। সারা ইরানি ও রবার্তা ভিঞ্চি জুটির কাছে ওই ম্যাচ হারেন তারা।
বুধবার স্বদেশি স্টিফেন্সের বিপক্ষে প্রথম সেট জিতে নিয়েছিলেন সেরেনা। দ্বিতীয় সেটেও একটি ব্রেক পয়েন্টে এগিয়ে ছিলেন। তখনই পিঠের মাংসপেশীতে টান লাগে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে খেলতে আসা স্টিফেন্সের সঙ্গে আর পেরে ওঠেননি সাবেক এই এক নম্বর।
বৃহস্পতিবার সেমিফাইনলে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কার মুখোমুখি হবেন ১৯ বছর বয়সী স্টিফেনস।
