২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়ে শেষ চারে শারাপোভা

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ওঠার আগে মাত্র নয়টি গেম হেরেছেন রুশ তারকা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Jan 2013, 04:51 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা। সেমিফাইনালে ওঠার আগে মাত্র নয়টি গেম হেরে মনিকা সেলেসের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন এই রুশ তারকা।

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে স্বদেশের একাতারিনা মাকারোভাকে সহজেই ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন মেয়েদের এককের দ্বিতীয় বাছাই শারাপোভা।

এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে ওঠার আগে সবচেয়ে কম ১২টি গেম হারার রেকর্ড ছিল যুগোস্লাভ বংশোদ্ভূত সাবেক মার্কিন তারকা সেলেসের।

বছরের প্রথম গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচও। চেক প্রজাতন্ত্রের পঞ্চম বাছাই টমাস বার্দাইচকে ৬-১, ৪-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন পুরুষ এককে গত দুবারের চ্যাম্পিয়ন।

শেষ চারে উঠেছেন ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন লি না এবং ডেভিড ফেরার।

মেয়েদের ষষ্ঠ বাছাই লি না ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ান্সকাকে।

পুরুষ এককের চতুর্থ বাছাই স্পেনের ফেরার অবশ্য অনেক লড়াই করে সেমিফাইনালে উঠেছেন। স্বদেশের নিকোলাস আলমাগ্রোর বিপক্ষে প্রথম দুই সেট হেরে গেলেও শেষ পর্যন্ত ৪-৬, ৪-৬, ৭-৫, ৭-৬(৭-৪), ৬-২ গেমে জিতেছেন তিনি।

শেষ চারে জোকোভিচের প্রতিপক্ষ ফেরার। আর শারাপোভা খেলবেন লি নার বিপক্ষে।