২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ কোচের অধীনেই চ্যালেঞ্জ কাপ

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অনুরোধে সাড়া দিয়ে মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের আগে ঢাকায় আসবেন ফুটবল দলের প্রধান কোচ লুডউইক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 03:53 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

চুক্তি অনুযায়ী আগামী জুনে জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেয়ার কথা প্রধান কোচ লুডউইক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারের। তবে মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে দুই ডাচ কোচের অধীনেই খেলবে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এ ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন তারা।

২ থেকে ৬ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব হবে। এই প্রতিযোগিতার গ্রুপ পর্বে বাংলাদেশের তিন প্রতিপক্ষ ফিলিস্তিন, উত্তর মেরিয়ানা দীপপুঞ্জ ও স্বাগতিক নেপাল।

চ্যালেঞ্জ কাপের আগে ঢাকায় এসে জাতীয় দলের দায়িত্ব নেয়ার জন্য ডি ক্রুইফ ও কোস্টারকে অনুরোধ করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তার অনুরোধে সাড়া দিয়েছেন দুজনে।

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “এএফসি চ্যালেঞ্জ কাপের আগে দুই কোচের আসা প্রায় নিশ্চিত। ২০ ফেব্রুয়ারি দুজনের ঢাকায় আসার কথা।”