২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা গ্ল্যাডিয়েটর্সের টানা তৃতীয় জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে দুরন্ত রাজশাহীকে ১৩ রানে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

অনীক মিশকাত অনীক মিশকাত

খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 11:57 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

এটি ঢাকার টানা তৃতীয় জয়। অন্য দিকে রাজশাহীর টানা দ্বিতীয় হার।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৬ রান করে ঢাকা। জবাবে ৩ উইকেটে ১৪৩ রানেই থেমে যায় রাজশাহীর ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে চালর্স কভেন্ট্রির (১৬) সঙ্গে তামিম ইকবালের ৪০ রানের উদ্বোধনী জুটির সৌজন্যে শুরুটা ভালোই হয় রাজশাহীর। দ্বিতীয় উইকেটে অধিনায়ক জহরুল ইসলামের সঙ্গে ৩৬ রানের আরেকটি ভালো জুটি গড়ে দলকে কক্ষপথেই রেখেছিলেন তামিম।

কিন্তু দলীয় ৮৬ রানে তামিমকে করে ঢাকাকে খেলায় ফেরান সাকিব আল হাসান। ব্যাটিংয়ে মনযোগ বাড়াতে অধিনায়কত্ব ছেড়ে দেয়া তামিম আউট হওয়ার আগে করেন ৫৭ রান। তার ৪১ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা।

তামিমের বিদায়ের পর সাইমন ক্যাটিচ (২৪ বলে অপরাজিত ৩৩) ও জিয়াউর রহমান (২২ বলে অপরাজিত ২৫) চেষ্টা করলেও তাদের ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে কেবল।

এর আগে ব্যাট করতে নেমে ২২ রানেই মোহাম্মদ আশরাফুল বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে ৬ ওভার বলে ৩ বলে সাকিবের সঙ্গে লুক রাইটের ৭৯ রানের জুটি গত আসরের চ্যাম্পিয়নদের ১ উইকেটে ১০১ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করায়।

৩৭ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ রান করা রাইটকে চালর্স কভেন্ট্রির ক্যাচে পরিণত করে বিপজ্জনক জুটি ভাঙ্গেন মঈন আলী।

রাইটের বিদায়ের পর বেশিক্ষণ টেকেন নি সাকিবও। ২১ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে গড়া তার ৩৭ রানের ইনিংস শেষ হয় নাঈম ইসলাম জুনিয়রের বলে বোল্ড হয়ে।

দুই ‘সেট’ ব্যাটসম্যানকে কাছাকাছি সময়ে ফিরিয়ে দেয়ার পর ঢাকার ব্যাটসম্যানদের বেশ চাপে ফেলে দেয় রাজশাহী। ছন্দে থাকা ছন্দে থাকা ওয়াইজ শাহ, এনামুল হক বিজয়দের দ্রুত বিদায় দলের বিপদ আরো বাড়ায়।

১১ ওভার শেষে ঢাকার সংগ্রহ ছিল ১০১/২। শেষ ৯ ওভারে ৫৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে কোনোমতে দেড়শ পেরুয় তারা।

১৯ রানে ৩ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার মাঈন। মনির হোসেন ২ উইকেট নেন ২৩ রানে।

রাজশাহী দলে তিনটি পরিবর্তন। দলে এসেছেন সাইমন ক্যাটিচ, বেন এডমুন্ডসন ও চালর্স কভেন্ট্রি। তাদের জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন আবুল হাসান, ফরহাদ হোসেন ও মুক্তার আলী।

ঢাকা দলে একটি পরিবর্তন। ক্রিস লিডলের বদলে দলে এসেছেন আলফানসো টমাস।