২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে ফেদেরার

টানা ৩৫তম বারের মতো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সুইস তারকা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Jan 2013, 06:49 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

কানাডার মিলোস রাওনিচকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। এ নিয়ে টানা ৩৫তম বারের মতো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শেষ আটে উঠলেন তিনি।

সোমবার চতুর্থ রাউন্ডে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার জিতেছেন ৬-৪, ৭-৬(৭-৪), ৬-২ গেমে।

বছরের প্রথম গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন পুরুষদের এককের তৃতীয় বাছাই অ্যান্ডি মারে এবং মহিলাদের এককের শীর্ষ ও তৃতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সেরেনা উইলিয়ামসও। তিন জনই জিতেছেন সরাসরি সেটে।

লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারে ৬-৩, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন ফ্রান্সের জাইলস সিমোনকে।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আজারেঙ্কা ৬-১, ৬-১ গেমে জিতেছেন রাশিয়ার এলেনা ভেসনিনার বিপক্ষে।

আরেক রুশ মেয়ে মারিয়া কিরিলেঙ্কোকে ৬-২, ৬-০ গেমে হারিয়েছেন গত বছর উইম্বলডন, ইউএস ওপেন ও অলিম্পিক চ্যাম্পিয়ন সেরেনা।

পুরুষ এককে জিতেছেন সাত নম্বর বাছাই জো উইলফ্রেড সোঙ্গাও।

তবে হেরে গেছেন ক্যারোলিন ওজনিয়াকি। মেয়েদের সাবেক এক নম্বর খেলোয়াড়কে ৬-২, ২-৬, ৭-৫ গেমে হারিয়েছেন রাশিয়ার সভেৎলানা কুজনেৎসোভা।