২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের গোল উৎসব

নিজে করেছেন দুটি গোল, করিয়েছেন একটি। ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Jan 2013, 02:53 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

দুই গোল করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়াও। অন্য গোলটি ডি মারিয়ার স্বদেশী স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনের।

রোববার রাতে লা লিগার আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদও। ঘরের মাঠে লেভান্তেকে তারা ২-০ গোলে হারিয়েছে। বিজয়ীদের দুই গোলদাতা আদ্রিয়ান আলভারেজ ও হোর্হে মেরোদিয়ো।

শনিবার রিয়াল সোসিয়েদাদের মাঠে হেরে বার্সেলোনার অপরাজিত থাকার গৌরব ভূলুন্ঠিত হলেও লা লিগার প্রথম তিনে কোনো পরিবর্তন নেই।

২০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লিওনেল মেসির বার্সা। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেতিকো। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৪০।

ভ্যালেন্সিয়ার মাঠে গোল উৎসবে মেতে ওঠার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালকে। নবম মিনিটে ডি মারিয়ার পাস থেকে দলকে এগিয়ে দেন হিগুয়াইন।

৩৪ মিনিটে ডি মারিয়ার গোলের উৎস রোনালদোর পাস। দুই মিনিট পর ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের পাস থেকে গোল করেন রোনালদো নিজেই।


৪১ মিনিটে মেসুত ওজিলের পাস থেকে আবার পর্তুগিজ তারকার গোল। বিরতির ঠিক আগে ডি মারিয়ার দ্বিতীয় ও খেলার শেষ গোলেরও জন্ম জার্মান মিডফিল্ডার ওজিলের পাস।