২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল জয়ে সবার ওপরেই জুভেন্টাস

উদিনেসেকে ৪-০ গোলে হারিয়ে ইতালিয়ান সেরি আ’র শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 20 Jan 2013, 07:09 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

ইতালিয়ান সেরি আ’য় বড় ব্যবধানে জিতেছে জুভেন্টাস। ঘরের মাঠে উদিনেসেকে ৪-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। জয় পেয়েছে এসি মিলানও। অতিথি বোলোনিয়ার বিপক্ষে তারা জিতেছে ২-১ গোলে।

তবে ইতালিয়ান লিগের ২১তম রাউন্ডে লাৎসিও ও নাপোলি পয়েন্ট নষ্ট করেছে। লাৎসিও পালের্মোর মাঠ থেকে ২-২ এবং নাপোলি ফিওরেন্তিনার মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে।

৪৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। লাৎসিওর পয়েন্টও নাপোলির সমান ৪৩, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান তৃতীয়। ষষ্ঠ স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ৩৪।

তোরিনো স্টেডিয়ামে ৪১ ও ৬৬ মিনিটে মিডফিল্ডার পল পোগবার জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর জয় নিয়ে ভাবতে হয়নি জুভেন্টাসকে। ৭২ মিনিটে স্ট্রাইকার মার্কো ভুসিনিচ ও ৮০ মিনিটে বদলি স্ট্রাইকার আলেসান্দ্রো মাত্রির লক্ষ্যভেদে বড় জয়ও নিশ্চিত হয়ে যায় সেরি আ’র সফলতম ক্লাবটির।

সান সিরোয় মিলানের জয়ের নায়ক স্ট্রাইকার জিয়ামপাওলো পাজ্জিনি। ৬৫ ও ৮২ মিনিটে দলের দুটি গোলই তার। ৮৪ মিনিটে ডিফেন্ডার ফিলিপ্পে মেক্সেস আত্মঘাতী গোল করলেও তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।