কষ্টের জয়ে শেষ আটে জোকোভিচ
পাঁচ ঘন্টা লড়াই করে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন গত দুই বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ।
পাঁচ ঘন্টা দীর্ঘ লড়াই শেষে, অতি কষ্টে জিতেছেন নোভাক জোকোভিচ। রোববার চতুর্থ রা্উন্ডে সুইজারল্যান্ডের স্টানিস্লাস ওয়ারিঙ্কাকে ১-৬, ৭-৫, ৬-৪, ৬-৭ (৭-৫), ১২-১০ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন পুরুষ এককের গত দুই বারের চ্যাম্পিয়ন।
শেষটায় স্বস্তির জয় পেলেও প্রথম সেটে দাঁড়াতেই পারেননি জোকোভিচ। সেটটা ২৫ মিনিটে জিতে এগিয়ে যান প্রতিযোগিতার পঞ্চদশ বাছাই ওয়ারিঙ্কা।
তবে পরের দুই সেট জিতে র্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা জোকোভিচ কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছিলেন। সেই স্বপ্ন সত্যি হয়েছে ঠিকই, কিন্তু অনেক লড়াই করে।
৬৮ মিনিট ধরে চলা চতুর্থ সেট টাইব্রেকারে জিতে সমতা নিয়ে আসেন ওয়ারিঙ্কা। শেষ সেটে অবিশ্বাস্য লড়াই হয়। ১০৪ মিনিট দীর্ঘ ‘ম্যারাথন’ লড়াই জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন জোকোভিচ।
কোয়ার্টার ফাইনালে উঠেই তাই তার কণ্ঠে শিরোপা জয়ের উচ্ছ্বাস। খেলা শেষে জোকোভিচ বলেন, “এই জয়ের অনুভূতি প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাওয়া কঠিন। আজ ওয়ারিঙ্কারও জয় প্রাপ্য ছিল। আমি তাকে সম্মান জানাই।”
জোকোভিচ অনেক ঘাম ঝরিয়ে জিতলেও মেয়েদের দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা জিতেছেন সহজেই। বেলজিয়ামের কাের্স্টন ফ্লিপকেন্সকে মাত্র ৬৮ মিনিটে ৬-১, ৬-০ গেমে হারিয়ে শেষ আটে উঠেছেন তিনি।
রোববার পুরুষদের এককে স্পেনের ডেভিড ফেরার এবং মহিলাদের এককে চীনের লি না ও পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ান্সকাও জয় পেয়েছেন। তবে হেরে গেছেন মেয়েদের পঞ্চম বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার।
