বাস্কেটবলে শিরোপার পথে বাংলাদেশ
দক্ষিণ এশীয় বাস্কেটবলে টানা তৃতীয় জয়ের সুবাদে বাংলাদেশের সামনে শিরোপার হাতছানি। সোমবার মালদ্বীপকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে প্রতিযোগিতার স্বাগতিক দল।
রোববার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাসিয়ামে পাকিস্তানকে ৭৭-৬৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে বিজয়ী দল ৩৬-২৯ পয়েন্টে এগিয়ে ছিল।
বাংলাদেশের মিথুন বিশ্বাস ৩১ ও মিথুন সরকার ১৭ এবং পাকিস্তানের আহমেদ জান ২৫ ও রহিম ১৪ পয়েন্ট স্কোর করেন।
দিনের প্রথম খেলায় নেপাল ৯৪-৪২ পয়েন্টে ভুটানকে হারিয়েছে।
