২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার বিস্ময় জাগানো হার

প্রথম ১৯ ম্যাচের ১৮টিতেই জয়, একমাত্র ড্র চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে। অথচ স্প্যানিশ লা লিগার ফিরতি পর্বের প্রথম ম্যাচেই বার্সেলোনা পরাজিত। শনিবার মেসি-জাভি-ইনিয়েস্তাদের অপরাজিত থাকার গৌরব ধূলায় মিশিয়ে দিয়ে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদ জিতেছে ৩-২ গোলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 07:36 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

৭ ও ২৫ মিনিটে লিওনেল মেসি ও পেদ্রোর লক্ষ্যভেদে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল আরেকটি সহজ জয়ই পেতে যাচ্ছে এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধারের পথে ছুটে চলা বার্সা।

কিন্তু ৪১ ও ৬৩ মিনিটে গঞ্জালো কাস্ত্রোর দুই গোলে সমতা নিয়ে আসে সোসিয়েদাদ। ইনজুরি সময়ে স্বাগতিকদের চমকপ্রদ জয় এনে দেন বদলি খেলোয়াড় ইমানল আগিরেক্সে।

হেরে গেলেও ২০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে এখনো অনেকটাই নিশ্চিন্ত বার্সা। এক ম্যাচ কম খেলা অ্যাতলেতিকো মাদ্রিদ (৪৪ পয়েন্ট) ও রিয়াল মাদ্রিদ (৩৭) অনেকখানি পেছনে।