সান্তোসেই থাকতে চান নেইমার
আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন পেপ গার্দিওলা। ভবিষ্যতে বার্সেলোনার সফলতম কোচের অধীনে খেলতে আগ্রহী নেইমার। তবে আপাতত তার মন-প্রাণ জুড়ে শুধুই সান্তোস। সহসাই স্বদেশের ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা নেই ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের।
গত বছর নেইমার জানিয়েছিলেন, গার্দিওলার অধীনে খেলার ইচ্ছা আছে তার। গার্দিওলা বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে তার দল পরিবর্তন নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’ নেইমারের বায়ার্নে যাওয়া নিয়ে একটি খবরও প্রকাশ করেছে শুক্রবার।
এই খবরের প্রেক্ষিতে সাংবাদিকদের নেইমার বলেন, “তিনি (গার্দিওলা) একজন অসাধারণ কোচ, বিশ্বের সেরা কোচদের অন্যতম। অন্যান্য সেরা কোচের মতো একদিন তার অধীনে খেলার ইচ্ছাও আমার আছে।”
“কিন্তু আমি আবারো বলছি, আমি এখন সান্তোসেই খেলতে চাই। এখানেই আমি ভালো আছি,” যোগ করেন গত বছর দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলার নির্বাচিত নেইমার।
