তৃতীয় রাউন্ডে ফেদেরার-সেরেনা
বৃহস্পতিবার মেলবোর্নের তাপমাত্রা ৪০ ডি্গ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তবে প্রচন্ড গরমও রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামসের জয়রথ আটকে রাখতে পারেনি।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ফেদেরার-সেরেনার পাশাপাশি তৃতীয় রাউন্ডে উঠেছেন অ্যান্ডি মারে এবং ভিক্টোরিয়া আজারেঙ্কাও।
রাশিয়ার নিকোলাই দাভিদেঙ্কোকে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন পুরুষ এককে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরার। মারেও জিতেছেন সরাসরি সেটে। পর্তুগালের জোয়াও সোসার বিপক্ষে লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেন চ্যাম্পিয়নের জয় এসেছে ৬-২, ৬-২, ৬-৪ গেমে।
মেয়েদের এককে গ্রিসের এলেনি দানিলিদোকে ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন আজারেঙ্কা। অলিম্পিকের শিরোপা ছাড়াও গত বছর দুটি গ্র্যান্ড স্লাম বিজয়ী সেরেনাও সহজেই ৬-২, ৬-০ গেমে জিতেছেন স্পেনের গার্বাইন ব্লাঙ্কোর বিপক্ষে।
চতুর্থ দিনের একমাত্র অঘটন পেত্রা কেভিতোভার বিদায়। যুক্তরাজ্যের লরা রবসন ২-৬, ৬-৩, ১১-৯ গেমে হারিয়ে দিয়েছেন ২০১১ সালের উইম্বলডন চ্যাম্পিয়নকে।
