বায়ার্নের কোচ হতে যাচ্ছেন গার্দিওলা
তিন বছরের জন্য জার্মান ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বার্সেলোনার সাবেক কোচ।
গত ৭ জানুয়ারি ফিফা বর্ষসেরা পুরস্কার ঘোষণার রাতে ফুটবলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন পেপ গার্দিওলা। দুই সপ্তাহ যেতে না-যেতেই বার্সেলোনার সফলতম কোচের ভবিষ্যৎ ঠিকানা নির্ধারণ হয়ে গেছে। জার্মানির সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
বার্সেলোনাকে ১৪টি শিরোপা এনে দেয়া গার্দিওলা আগামী মৌসুম থেকে বায়ার্নের কোচের দায়িত্ব নেবেন। তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বিশ্রাম নেয়ার জন্য গত মৌসুম শেষে বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন গার্দিওলা।
বায়ার্নের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক সময়ের সাড়া জাগানো ফুটবলার কার্ল হেইঞ্জ রুমেনিগে গার্দিওলাকে দলে পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, “অনেক বড়-বড় ক্লাব তাকে নেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আমরা তাকে রাজি করাতে পেরেছি। আমরা তাই অনেক খুশি।”
“বিশ্বের সফলতম কোচদের একজন পেপ গার্দিওলা। আমরা নিশ্চিত, তিনি বায়ার্ন মিউনিখের সঙ্গে-সঙ্গে পুরো জার্মান ফুটবলেই আলো ছড়াবেন,” যোগ করেন রুমেনিগে।
