২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালাগার সঙ্গে বার্সার হোঁচট

স্প্যানিশ কিংস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Jan 2013, 04:45 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে চলা বার্সেলোনা হঠাৎই হোঁচট খেয়ে কিছুটা হতভম্ব। তবে লা লিগায় নয়, কোপা দেল রে বা স্প্যানিশ কিংস কাপে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র করেছে বার্সা। তা-ও আবার ঘরের মাঠে দশ জনের দলে পরিণত মালাগার বিপক্ষে।

২২ জানুয়ারি মালাগার মাঠে হবে ফিরতি লেগ।

কিংস কাপের আরেক ম্যাচে রিয়াল জারাগোজার মাঠ থেকে গোলশুন্য ড্র নিয়ে ফিরেছে সেভিয়া।

গত রোববারই লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে মালাগাকে তাদেরই মাঠে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা।

বুধবার রাতে ২৬ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার ম্যানুয়েল ইতুরার গোলে পিছিয়ে পড়লেও টানা চার বার ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত মেসি তিন মিনিট পরেই সমতায় ফেরান দলকে।

পরের মিনিটেই অধিনায়ক কার্লোস পুয়োলের গোলে এগিয়েও যায় টুর্নামেন্টের বর্তমান ও রেকর্ড ২৬ বারের চ্যাম্পিয়নরা।

৭৫ মিনিটে পেদ্রোকে মারাত্মক ফাউল করে মালাগার ডিফেন্ডার নাচো মনরিয়াল সরাসরি লাল কার্ড দেখলে মনে হচ্ছিল বার্সার জয় শুধু সময়ের ব্যাপার।

কিন্তু শেষ মুহূর্তে গোল করে স্বাগতিক সমর্থকদের মন ভেঙ্গে দেন ইগনাসিও কামাচো।