মধ্যবর্তী দলবদলে ঘাটতি পূরণের লক্ষ্য
১০ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলা দলবদলে নিজেদের গুছিয়ে নিতে চায় সব দল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের মধ্যবর্তী দলবদল শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে। শেষ হবে ২৩ জানুয়ারি। এই দলবদলে সব দলেরই নিজেদের ঘাটতি পূরণ করার লক্ষ্য।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব সাত জন বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করতে চায়। চারজন বিদেশি নিয়ে প্রথম লেগ খেলা শেখ জামাল আরো তিনজনকে নেবে।
দলটির ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলাল জানান, “গত ফেডারেশন কাপে খেলা নাইজেরীয় ডিফেন্ডার ওসাগি মানডে ও মিডফিল্ডার ইকেচুকু ওকেমেরি আসছে। তাদের নিবন্ধন করানোই আছে। এছাড়া মরক্কো থেকেও দুই জন আসবে। তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেয়া হবে।”
শেখ রাসেল ক্রীড়া চক্র একজন স্ট্রাইকার নেবে। তাদের পছন্দের তালিকায় আছেন গত মৌসুমে খেলে যাওয়া নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকান। তার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে। সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় লেগের শুরু থেকেই শেখ রাসেলের হয়ে খেলতে পারেন বুকোলা।
আবাহনী লিমিটেডের ইরানি কোচ আরদেশিয়ার পুর্নেমাত এই মুহূর্তে নতুন কাউকে নেয়ার পক্ষপাতী নন।
তারপরও নতুন কোনো ফুটবলারকে দলভুক্ত করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু। তিনি বলেন, “আমরা একজন ভালো মানের স্ট্রাইকারের খোঁজ করছি।”
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড দুজন বিদেশিকে নিতে চায়। সেজন্য তারা নাইজেরিয়া ও উগান্ডায় যোগাযোগ করেছে। তাদের ঘাটতি একজন স্ট্রাইকার ও একজন ডিফেন্ডারের। ২০ জানুয়ারির মধ্যে মোহামেডান দুই বিদেশি খেলোয়াড় দলভুক্ত করতে পারে বলে জানিয়েছেন দলটির সহকারী ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ নকীব।
বিজেএমসিও নতুন দুই-তিনজন খেলোয়াড় নিবন্ধন করতে যাচ্ছে। দলটির কোচ জাকারিয়া বাবু বলেন, “কাজিম নামের একজন নাইজেরীয় দলের সঙ্গে অনুশীলন করছে। ১৯ জানুয়ারি রাশিয়া থেকে আরো তিন জন খেলোয়াড় আসছে।”
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র সাত বিদেশির কোটা এরই মধ্যে পূর্ণ করে ফেলেছে। তাই স্থানীয় বা বিদেশি কোন খেলোয়াড় বদলের পক্ষে নন কোচ শফিকুল ইসলাম মানিক।
ব্রাদার্স ইউনিয়ন একজন মিডফিল্ডার ও স্ট্রাইকারের অভাব বোধ করছে। দলটির ব্যবস্থাপক আমের খান জানিযেছেন, “দুজন ভালমানের বিদেশি খেলোয়াড় আনতে যাচ্ছি আমরা। অনুশীলনে দু-তিনজন নাইজেরিয়ান এসেছিল, তবে তাদের পছন্দ হয়নি।”
আরামবাগ ক্যামেরুনের খেলোয়াড় জেরহার্ডকে নিবন্ধন করিয়েছে। আরো একজন স্ট্রাইকার প্রয়োজন তাদের। গতবার খেলে যাওয়া নাইজেরীয় ডিফেন্ডার আমাদি মোজেস, মিডফিল্ডার ওকেমেরি গডউইন আসতে পারে বলে জানিয়েছেন দলটির সহকারী কোচ কাজী জলি।
ফেনী সকার ক্লাবের কোচ মাহমুদুল হক লিটন কয়েক জন খেলোয়াড় পরিবর্তনের পক্ষে। তিনি বলেন, “প্রথম লেগ চার জন বিদেশি নিয়ে খেলেছি। তাদের মধ্যে থেকে দুই জনকে বাদ দিয়ে আরো চার জন নেয়ার ইচ্ছা আছে আমাদের।”
