দ্বিতীয় দক্ষিণ এশীয় বাস্কেটবল বৃহস্পতিবার থেকে
বৃহস্পতিবার থেকে ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় দক্ষিণ এশীয় বাস্কেটবল। দক্ষিণ এশীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (সাবা) ৫টি সদস্য দেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে। দলগুলো হল নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।
২০০২ সালে দক্ষিণ এশীয় বাস্কেটবলের প্রথম আসর হয়েছিল ভারতের আসামে। সেবার বাংলাদেশ রানার্সআপ হয়েছিল। এবার ভারতের অনুপস্থিতিতে শিরোপায় চোখ স্বাগতিক বাংলাদেশের।
বাংলাদেশ দলের ব্যবস্থাপক মাহতাবুর রহমান বুলবুল জানিয়েছেন, “প্রায় এক মাস ধরে খেলোয়াড়রা অনুশীলন করছে। তাই আমাদের প্রস্তুতি যথেষ্ট ভাল। আমাদের লক্ষ্য শিরোপা। পাকিস্তান হতে পারে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী।
পৃষ্ঠপোষক সিটিসেল প্রতিযোগিতার সম্পূর্ণ খরচ বহন করবে।
