২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ জানুয়ারি থেকে ফুটবল লিগের ফিরতি লেগ

প্রথম লেগ শেষ হবে ২০ জানুয়ারি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 07:15 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম লেগ শেষ হবে ২০ জানুয়ারি। দ্বিতীয় ও ফিরতি লেগ শুরু হবে ২৮ জানুয়ারি থেকে। মঙ্গলবার পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম রাউন্ড পর্যন্ত একটানা চলবে দ্বিতীয় লেগের খেলা। এরপর ২১ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত জাতীয় দলের এএফসি চ্যালেঞ্জ কাপের প্রস্তুতি এবং অংশগ্রহনের জন্য লিগের বিরতি দেয়া হবে।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ২ থেকে ৬ মার্চ এএফসি চ্যালেঞ্জ কাপ হবে।

জাতীয় দল নেপাল থেকে ফেরার পর শুরু হবে স্বাধীনতা কাপ। এই প্রতিযোগিতা ১২ মার্চ শুরু হওয়ার সম্ভাবনা আছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে হবে ফাইনাল।

পেশাদার লিগের ৯টি এবং বাছাই পর্বের একটিসহ ১০টি দল নিয়ে স্বাধীনতা কাপ হবে।

১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল। এই লিগে অগ্রণী ব্যাংক, উত্তর বারিধারা, রহমতগঞ্জ এমএফএস, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ভিক্টোরিয়া এসসি ও চট্টগ্রাম আবাহনী অংশ নেবে।

এছাড়া প্রথমবারের মতো পেশাদার লিগের ক্লাবগুলোকে নিয়ে অনূর্ধ্ব-১৬ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনেরও সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিতে সম্মতি জানিয়েছে ক্লাবগুলোও।