২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেবিল টেনিসে শেখ রাসেলের আবারো সাফল্য

টানা ষষ্ঠ বারের মতো ঢাকা মহানগর প্রিমিয়ার টেবিল টেনিস লিগের শিরোপা জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 07:06 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

ঢাকা মহানগর প্রিমিয়ার টেবিল টেনিস লিগে টানা ষষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সোমবার পল্টন উডেনফ্লোর জিমন্যাশিয়ামে পাললিক গ্রুপকে ৩-০ সেটে হারানোয় শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের।

শেখ রাসেলের টিটি সম্পাদক এনায়েত হোসেন মারুফ জানিয়েছেন, দীর্ঘমেয়াদী ক্যাম্পই তাদের সাফল্যের কারণ।

তিনি বলেন, “মাস তিনেক আগে অনুষ্ঠিত লোটো কাপে আমরা রানার্স আপ হয়েছিলাম। এই খারাপ পারফরম্যান্সের পর আমরা খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নেই। চট্টগ্রাম ও খুলনায় দুই ভাগে খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্প করা হয়। এটাই আমাদের শিরোপা জয়ে মূল ভূমিকা রাখে।”

শেখ রাসেলের অভিজ্ঞ খেলোয়াড় মাহবুব বিল্লাহ বলেন, “দলের কর্মকর্তারা খেলোয়াড়দের ব্যাপারে খুবই আন্তরিক। তাই আমরাও দলের প্রতি একটু বেশিই দায়বদ্ধ। আর এ কারণেই গত কয়েক বছর ধরে আমরা শিরোপা জিতে চলেছি।”

মহিলা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। লিগের শেষ ম্যাচে তারা ২-১ সেটে ডেসটিনিকে হারিয়েছে। পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতেছে আবাহনী।

প্রথম বিভাগ লিগের শিরোপা জিতেছে রাইজিং টিটি ক্লাব।