২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার জয়রথ অব্যাহত

মালাগার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরায় বার্সার স্প্যানিশ লা লিগার শীর্ষস্থানও অটুট।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jan 2013, 02:38 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

টানা চতুর্থ বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের পর স্প্যানিশ লা লিগায় খেলতে নেমেই গোল করেছেন লিওনেল মেসি। মালাগার মাঠ থেকে বার্সেলোনাও ফিরেছে ৩-১ গোলের জয় নিয়ে।

রোববার রাতে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল অ্যাতলেতিকো মাদ্রিদও সহজে জিতেছে। ঘরের মাঠে রিয়াল জারাগোজাকে ২-০ গোলে হারিয়েছে তারা।

লিগের ‘প্রথমার্ধ’ অর্থাৎ প্রথম ১৯ ম্যাচ অপরাজিত থাকা বার্সার পয়েন্ট ৫৫। স্প্যানিশ লিগের প্রথম ১৯ ম্যাচে এটাই সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহের রেকর্ড। অ্যাতলেতিকোর ৪৪ পয়েন্ট। আগের দিন আবার পয়েন্ট হারানো রিয়াল মাদ্রিদ ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে।

মালাগার মাঠে ২৭ মিনিটে মেসির ২৮তম লিগ গোলে এগিয়ে যাওয়ার পর জয় নিয়ে ভাবতে হয়নি বার্সাকে। ৫০ ও ৮২ মিনিটে বাকি গোল দুটি করেন দুই মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস ও থিয়াগো আলকান্তারা। ৮৯ মিনিটে স্বাগতিকদের সান্ত্বনাসূচক গোলটি দিয়েগো বুয়োনানোত্তির।

অন্যদিকে ৩১ ও ৩৮ মিনিটে অ্যাতলেতিকো মাদ্রিদের জয় নিশ্চিত করা গোল দুটি করেন মিডফিল্ডার তিয়াগো ও কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। ফ্যালকাওয়ের গোলটি পেনাল্টি থেকে।