জিতেই চলেছে ম্যান ইউ
ম্যানচেস্টার ইউনাইটড ও ম্যানচেস্টার সিটি জয় পাওয়ায় দুই দলের ৭ পয়েন্টের ব্যবধান কমেনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা পুনরুদ্ধারের পথে বড় এক বাধা পেরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ইপিএলের সফলতম ক্লাবটি।
জিতেছে ম্যানচেস্টার সিটিও। গতবারের চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে আর্সেনালকে।
দুই ম্যানচেস্টারই জয় পাওয়ায় ৭ পয়েন্টের ব্যবধানে পরিবর্তন হয়নি। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ম্যান ইউর শীর্ষস্থান আরো সুসংহত। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট সংগ্রহ করা ম্যান সিটিও আছে দ্বিতীয় স্থানেই।
২১ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান ষষ্ঠ। অষ্টম স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ১৯ মিনিটে রবিন ফন পার্সির গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ১৭ গোল নিয়ে এই ডাচ স্ট্রাইকারই এখন ইপিএলের সর্বোচ্চ গোলদাতা।
৫৪ মিনিটে ‘রেড ডেভিল’ নামে পরিচিত ম্যান ইউকে দ্বিতীয় গোল উপহার দেন সার্বিয়ান ডিফেন্ডার নেমানিয়া ভিদিচ। তিন মিনিট পর ড্যানিয়েল স্টুরিজ ব্যবধান কমালেও অতিথিরা আর সমতায় ফিরতে পারেনি।
আর্সেনালের মাঠে দীর্ঘ ৩৮ বছর পর লিগ ম্যাচে জয় পাওয়া ম্যান সিটির দুই গোলদাতা জেমস মিলনার ও এডিন জেকো।
কোনো দলই অবশ্য ১১ জন নিয়ে খেলা শেষ করতে পারেনি। দশম মিনিটে লাল কার্ড দেখেন আর্সেনালের ফরাসী ডিফেন্ডার লরেন্ত কোসিয়েলনি। ৭৫ মিনিটে তাকে অনুসরণ করেন ম্যান সিটির বেলজিয়ান ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি।
