২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো পয়েন্ট হারালো রিয়াল

লা লিগায় আবারো পয়েন্ট খুঁইয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করায় লিগ শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়লো বর্তমান চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 05:30 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে পড়লো হোসে মরিনহোর দল। রোববার (মালাগার বিপক্ষে ম্যাচে) এই ব্যবধান ১৮ তে নিয়ে যাওয়ার সুযোগও পাচ্ছে টানা চারবার ফিফা ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসির দল।

১৯ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে এখন রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে অ্যাতলেটিকো মাদ্রিদ।

এই মৌসুমের শুরু থেকেই দুর্ভাগ্য পিছু নিয়েছে রিয়ালের। পাম্পলোনায়ও এর ব্যতিক্রম ছিলো না। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে মাঠে নামতে পারেননি রিয়াল মাদ্রিদের শীর্ষ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগায় এই নিয়ে টানা তিনটি ম্যাচে রোনালদোকে ছাড়া জিততে ব্যর্থ হলো রিয়াল।

নিষেধাজ্ঞার কারণে সার্জিও রামোসকেও এদিন পায়নি রিয়াল। চোটের কারণে মাঠে নামতে পারেননি রক্ষণভাগের আরেক সৈনিক পেপে।

তবে রেইনো দে নাভারা স্টেডিয়ামে সবচেয়ে বড় অঘটনটি ঘটে খেলার ৭৬ মিনিটে। দুইটি হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন রিয়ালের তারকা খেলোয়াড় কাকা। ২০০৭ সালে এসি মিলান ছেড়ে রিয়ালে যোগ দেয়ার পর এই প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ব্রাজিলের এই প্লেমেকার।

এদিন একেবারে অনুজ্জ্বল ছিলেন আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়াইন, জার্মানির মেসুত ওজিল বা ফ্রান্সের করিম বেঞ্জেমাও। কেউই হতে পারেননি রিয়াল মাদ্রিদের ত্রাতা।

এদিন অন্য ম্যাচে এসপানিওল ১-০ গোলে সেলটাকে ও ভ্যালেন্সিয়া ২-০ গোলে সেভিয়াকে হারিয়েছে।