অবশেষে ব্রাদার্সের জয়
দশ জনের দলে পরিণত হয়েও জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা ছয় ম্যাচ হেরে যাওয়ার পর জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দশ জনের দলে পরিণত হয়েও তারা ২-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে।
১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাদার্সকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গার্সিয়া অ্যান্ডারসন। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নাইজেরীয় স্ট্রাইকার কিংসলে চিগোজি।
প্রথমার্ধের ইনজুরি সময়ে প্রতিপক্ষের নাইজেরীয় স্ট্রাইকার এনসে ফ্রান্সিসকে ফাউল করে আশরাফুল করিম লাল কার্ড পেলেও জয় পেতে সমস্যা হয়নি ব্রাদার্সের।
এই জয়ে ৭ খেলায় ৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ব্রাদার্স। সমান ম্যাচে ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আরামবাগের অবস্থান নবম।
