দুই ডাচ কোচের সঙ্গে সমঝোতা চুক্তি
দুই ডাচ কোচ লুডউইক ডি ক্রুইফ ও রেনে কোস্টারের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। প্রায় সাড়ে তিন ঘন্টা আলোচনা শেষে শনিবার বিকালে বাফুফে ভবনে এই চুক্তি হয়।
আপাতত সমঝোতা চুক্তি হলেও আগামী এক সপ্তাহের মধ্যে দুই পক্ষের আইনজীবীর মধ্যে মূল চুক্তি হবে।
সমঝোতা চুক্তি অনুযায়ী, আগামী জুনে দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন ডি ক্রুইফ। তার সহকারী হবেন কোস্টার।
তাদের অধীনে বাংলাদেশ প্রথম খেলবে সেপ্টেম্বরে সাফ ফুটবলে। বাফুফে অবশ্য মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপের সময় অন্তত তিন সপ্তাহের জন্য দুজনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
তবে দুজনের কেউই হয়তো বাফুফের আশা পূরণ করতে পারবেন না। কারণ ডি ক্রুইফ নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেন এবং কোস্টার আলমেরে সিটি ইয়ুথ অ্যাকাডেমির সঙ্গে চুক্তিবদ্ধ। বাংলাদেশে আসতে হলে তাদের পদত্যাগ করে আসতে হবে।
বাফুফের সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে ডি ক্রুইফ আনন্দিত। জাতীয় ফুটবল দলের ষোড়শ বিদেশি কোচ বলেন, “এর আগে কয়েকটি ক্লাবের হয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছি। এটা আমার জন্য যেমন আনন্দের, তেমনি চ্যালেঞ্জেরও। আশা করি এই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবো।”
“বাংলাদেশ দলকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। সে সব পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে পারলে অবশ্যই সুফল পাওয়া যাবে,” যোগ করেন ডি ক্রুইফ।
জাতীয় দলের সহকারী কোচের পাশাপাশি সিলেট বিকেএসপিতে অবস্থিত ফুটবল অ্যাকাডেমির কোচের দায়িত্বও নেবেন কোস্টার। তিনি বলেন, “ফুটবল অ্যাকাডেমিতে কাজ করার দীর্ঘ দিনের অভিজ্ঞতা আছে আমার। বাংলাদেশে এই অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে চাই।”
