২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ডাচ কোচের চুক্তি স্বাক্ষর শনিবার

জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন লুডউইক ডি ক্রুইফ। তার সহকারী রেনে কোস্টার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

দুই ডাচ কোচ লুডউইক ডি ক্রুইফ ও রেনে কোস্টারের সঙ্গে শনিবার চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবনে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, “দুই কোচের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিতা বাকি। শনিবার চুক্তি স্বাক্ষরের পর সংবাদ সম্মেলনে সব কিছু জানানো হবে।”

শনিবার রাতেই স্বদেশ নেদারল্যান্ডসের উদ্দেশে দুই কোচের রওনা দেয়ার কথা। আগামী মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপে অংশ নেবে বাংলাদেশ। বাফুফে আশা করছে তার আগেই তারা ফিরে আসবেন।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলা দেখেন ডি ক্রুইফ ও কোস্টার। এ সময় শেখ জামালের নাইজেরীয় কোচ জোসেফ আফুসির সঙ্গে বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলেন তারা।

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেন ডি জংও দুই কোচের সঙ্গে ছিলেন সে সময়।

তিনি বলেন, “ডাচ ফুটবল প্রতিনিয়ত বিশ্ব ফুটবলে অবদান রেখে চলেছে। আমি বাংলাদেশের সঙ্গে ডাচ ফুটবলের সেতুবন্ধনের ব্যাপারে আশাবাদী। দুই কোচের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আমিও ব্যক্তিগতভাবে বাফুফেকে সাহায্য করব।”