২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামাল-শেখ রাসেল লড়াই অমীমাংসিত

গোলশূন্য ড্র করলেও পেশাদার ফুটবল লিগের শীর্ষে উঠে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 02:44 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে গোলশূন্য ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

তবে ড্র করলেও ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শেখ জামালই এখন লিগের শীর্ষে। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে শেখ রাসেল ও আবাহনী লিমিটেড।

গোল না পেলেও শুক্রবার শুরু থেকে প্রাধান্য ছিল শেখ জামালের। ষষ্ঠ মিনিটে শাকিল আহমেদের ফ্রি কিক ধরে নেয়া নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার শট সাইডবার ঘেঁষে চলে যায়।

দুই মিনিট পর আবার শেখ জামালের হতাশা। ২৫ গজ দূর থেকে নেয়া শাকিলের শট লক্ষ্যভ্রষ্ট হয় অল্পের জন্য।

এর পরই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় শেখ রাসেল। ২৪ মিনিটে হাইতির স্ট্রাইকার সনি নর্দের বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শট সাইড বারে লেগে ফিরে এসে হতাশ করে তাদের।

দ্বিতীয়ার্ধে দুটো সহজ সুযোগ নষ্ট করে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। ৬৩ মিনিটে মিঠুন চৌধুরী এবং ৭১ মিনিটে রাজন মিয়ার ব্যর্থতায় গোলের দেখা পায়নি শেখ রাসেল।

খেলা শেষে শেখ রাসেলের কোচ মারুফুল হক বলেন, “রেফারি নিরপেক্ষ ভূমিকা পালন না করায় আমরা জয় বঞ্চিত হয়েছি। তার কয়েকটি সিদ্ধান্ত প্রতিপক্ষকে লাভবান করেছে।”

শেখ জামালের কোচ জোসেফ আফুসি বলেন, “আমার দল এখনো লিগে হারেনি। তাতে আমি খুশি। শুক্রবার আমার দল যথেষ্ট ভাল খেলেছে।”