বিশাল জয়ে শেষ আটে বার্সা
কোপা দেল রে বা স্প্যানিশ কিংস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা।
বৃহস্পতিবার রাতে ‘রাউন্ড অব সিক্সটিন’ বা সেরা ১৬ দলের লড়াইয়ের ফিরতি লেগে কর্দোবাকে সহজেই ৫-০ গোলে হারানোয় শেষ আট নিশ্চিত হয়ে গেছে গতবারের চ্যাম্পিয়নদের।
কর্দোবার মাঠে অনুষ্ঠিত প্রথম লেগ ২-০ গোলে জেতায় সব মিলিয়ে বার্সার জয় ৭-০ গোলের বিশাল ব্যবধানে।
সোমবার রাতে টানা চতুর্থ বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছে বার্সা। মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে থেকে তৃতীয় হওয়া আন্দ্রেস ইনিয়েস্তাও খেলেননি। তবু জয় পেতে সমস্যা হয়নি কোপা দেল রে’র রেকর্ড ২৬ বারের চ্যাম্পিয়নদের।
ন্যু ক্যাম্পে ১৭ মিনিটের সময় মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার গোলে এগিয়ে যাওয়ার পর জয় নিয়ে ভাবতে হয়নি বার্সাকে। ২১ ও ২৬ মিনিটে স্ট্রাইকার ডেভিড ভিয়ার দুই গোল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দেয় স্বাগতিকদের।
৫৫ ও ৮৫ মিনিটে চিলিয়ান স্ট্রাইকার অ্যালেক্সিজ সানচেজের জোড়া গোল বিশাল জয় এনে দেয় বার্সাকে।
কোয়ার্টার ফাইনালে বার্সার প্রতিপক্ষ মালাগা। ১৬ জানুয়ারি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ন্যু ক্যাম্পে। ২৩ জানুয়ারি ফিরতি লেগ মালাগার মাঠে।
