শুক্রবার শেখ জামাল-শেখ রাসেল লড়াই
গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র।
এ মৌসুমে দু দলের এটি দ্বিতীয় লড়াই হলেও লিগে প্রথম । ফেডারেশন কাপের ফাইনালে শেখ রাসেল ২-১ গোলে শেখ জামালকে হারিয়েছিল।
লিগের পয়েন্ট টেবিলে শেখ জামাল কিছুটা এগিয়ে আছে। ৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। শেখ রাসেলের পয়েন্ট ১৫।
শেখ জামালের নাইজেরীয় কোচ জোসেফ আফুসি এই ম্যাচটিকে অন্য ম্যাচের মতোই দেখছেন। তিনি বলেন, “আমার কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রত্যেক প্রতিপক্ষকেই আমি সমান চোখে দেখি। তাই অন্য ম্যাচের মতো এই ম্যাচটিও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।”
শেখ রাসেলের কোচ মারুফুল হক জয় ছাড়া আর কিছু ভাবছেন না। তিনি বলেন, “আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। লক্ষ্য পূরণ করতে হলে প্রতিটি ম্যাচ জিততে হবে। এই ম্যাচে্ আমি জয় ছাড়া আর কিছু ভাবছি না।”
