২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শেষ মোহামেডানের প্রথম লেগ

জয় দিয়ে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম লেগ শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।

ক্রীড়া প্রতিবেদক

মাহমুদুল হাসান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 05:24 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

জয় দিয়ে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম লেগ শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।

৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান পঞ্চম। ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সকার ক্লাব আছে সপ্তম স্থানে।

বৃহস্পতিবার মোহামেডানের জয়ের নায়ক ঘানার স্ট্রাইকার ওসই মরিসন। ৩৮ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন তিনি। ৭ গোল নিয়ে মরিসনই এখন লিগের সর্বোচ্চ গোলদাতা।

মোহামেডান অবশ্য আরো ব্যবধানে জিততে পারত। কিন্তু মরিসন একাধিক সুযোগ নষ্ট করায় এক গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।

২৫ মিনিটে মোস্তফা ইব্রাহিমের পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা পোস্ট পেলেও মরিসন গোল করতে পারেননি।

৫৩ মিনিটে ইব্রাহিমের পাসেই পা ছোঁয়াতে পারলে গোল পেতেন মরিসন। কিন্তু সেবারো তিনি ব্যর্থ।

মোহামেডানের ভারপ্রাপ্ত কোচ জুয়েল রানা তাই বেশ ক্ষুব্ধ। খেলা শেষে তিনি বলেন, “এতগুলো সহজ সুযোগ পেয়েও গোল করতে না পারা সত্যিই অমার্জনীয়। আমাদের দল অবশ্য ভালো খেলেছে। তবে আরো বড় ব্যবধানে জিততে পারলে ভালো লাগত।”

আর ফেনী সকার ক্লাবের কোচ মাহমদুল হক লিটন বলেন, “মোহামেডানের সঙ্গে আমাদের অনেক ব্যবধান। তাই অনেক চেষ্টা করেও তাদের জয়বঞ্চিত করা সম্ভব হয়নি।”