২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির পুরস্কার জয়ে ইনিয়েস্তাও খুশি

অনুমিতভাবেই টানা চতুর্থ বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে লিওনেল মেসির হাতে। ক্লাব সতীর্থর কাছে হেরে গেলেও আন্দ্রেস ইনিয়েস্তার মনে একটুও কষ্ট নেই। বরং তিনি বন্ধুর প্রশংসায় উচ্ছ্বসিত।

আব্দুল মোমিন আব্দুল মোমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 04:56 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

ফিফা ব্যালন ডি’অর-এর লড়াইয়ে মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে থেকে তৃতীয় স্থান পাওয়া ইনিয়েস্তা বলেন, “এভাবে খেলতে থাকলে সে (মেসি) পঞ্চম ব্যালন ডি’অরও জিতবে। চতুর্থ বারের মতো বর্ষসেরা ফুটবলার হওয়ায় তার প্রতি আমার অভিনন্দন। সে সত্যিই অসাধারণ।”

ইনিয়েস্তা একা নন, মেসির অনন্য অর্জনে ইউক্রেনের তারকা স্ট্রাইকার আন্দ্রেই শেভচেঙ্কোও আনন্দিত। তিনি বলেন, “ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় থাকা তিন ফুটবলারই চমৎকার। কিন্তু লিওনেল মেসি বিশেষ একজন। এক বছরে ৯১ গোল করা সত্যিই অবিশ্বাস্য। ইনিয়েস্তা আর রোনালদোও দুর্দান্ত ফুটবলার, কিন্তু মেসি অবিশ্বাস্য।”

মেসির মতো অসাধারণ ফুটবলারকে দলে পেয়ে বার্সেলোনার সভাপতি সান্দ্রো রোসেলের কণ্ঠে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। তিনি বলেন, “খেলার মাঠে মেসি যে অসাধারণ, তার চারটি ব্যালন ডি’অর জয়ই তা প্রমাণ করে। একই সঙ্গে সে একজন চমৎকার মানুষও। তাকে দলে পেয়ে আমরা ভাগ্যবান।”

মেসি নিজে অবশ্য এমন অসাধারণ অর্জনের পরও নিরুত্তাপ। তার সব চিন্তা প্রিয় দল বার্সেলোনাকে ঘিরে।

তিনি বলেন, “আবারো ফিফা ব্যালন ডি’অর জিততে পেরে আমি অবশ্যই খুশি। কিন্তু পুরস্কার নিয়ে ভাবার সময় নেই আমার, সময় নেই তা উপভোগেরও। বরং আমি পরের ম্যাচ নিয়ে ভাবছি। আমি আগেও বলেছি, ফুটবল জীবন শেষ হওয়ার পরই নিজের অর্জনের দিকে ফিরে তাকাবো।”