প্রথম শ্রেণীর মর্যাদা পেল বিসিএল
প্রথম শ্রেণীর ক্রিকেটের মর্যাদা পেয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল-বড় দৈর্ঘ্য)। এই প্রাপ্তিকে সঙ্গী করে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতাটি। তবে প্রথম শ্রেণীর মর্যাদা পেলেও এখনো কোনো স্পন্সর পায়নি বিসিএল।
প্রথম শ্রেণীর ক্রিকেটের মর্যাদা পেয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল-বড় দৈর্ঘ্য)। এই প্রাপ্তিকে সঙ্গী করে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতাটি। তবে প্রথম শ্রেণীর মর্যাদা পেলেও এখনো কোনো স্পন্সর পায়নি বিসিএল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লিগ কমিটির সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। এ সময় বিসিবি অ্যাডহক কমিটির সদস্য মাহবুব আনাম ও জালাল ইউনুস উপস্থিত ছিলেন।
দুর্জয় বলেন, “প্রথম শ্রেণীর মর্যাদা নিয়ে বিসিএল শুরু হচ্ছে। চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগে ১৬০ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। তাদের ৮০ জন খেলবেন বিসিএলে।”
“নর্থ জোনের ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় দলটি বিসিবির অধীনে খেলবে। অবশ্য প্রতিযোগিতা চলার সময়ও ফ্র্যাঞ্চাইজি পাওয়া যেতে পারে,” যোগ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
উদ্বোধনী দিনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাঙ্ক সাউথ জোন এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোন ও বিসিবি নর্থ জোন মুখোমুখি হবে।
বিসিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক জালাল আহমেদ চৌধুরী। কমিটির অন্য তিন সদস্য হলেন দুর্জয়, আকরাম খান ও এনামুল হক।
প্রত্যেক ম্যাচে একটি দলের দ্বাদশ ব্যক্তিসহ ১২ জন ৪০ হাজার এবং বাকি পাঁচ জন ২০ হাজার টাকা করে পাবেন।
চার দিনের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ৩৫ লাখ ও রানার্স আপ দল ১৫ লাখ টাকা পাবে। সেরা খেলোয়াড় এক লাখ ও প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড় ২৫ হাজার টাকা পাবেন।
বিজয়ী দল ৬ এবং বোনাসসহ জিতলে সর্বোচ্চ ৭ পয়েন্ট পাবে।
ইনিংস ব্যবধানে এবং ১০ উইকেটের জয়ের জন্য থাকবে একটি বোনাস পয়েন্ট।
খেলা অমীমাংসিত থাকলে প্রথম ইনিংসে লিড নেয়া দল পাবে ৩ পয়েন্ট। আর পিছিয়ে থাকা দলের জন্য থাকবে এক পয়েন্ট।
ম্যাচ টাই হলে প্রত্যেক দল পাবে ৩ পয়েন্ট করে। পরিত্যক্ত ম্যাচ এবং ড্র ম্যাচের প্রথম ইনিংসে দুই দলের রান সমান হলেও একই নিয়ম।
