জাতীয় দলের জন্য এবার ডাচ কোচ
জাতীয় ফুটবল দলের জন্য এবার নেদারল্যান্ডস থেকে কোচ আনতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে হয়তো দেখা মিলতে পারে একজন ডাচ কোচের।
জাতীয় ফুটবল দলের জন্য এবার নেদারল্যান্ডস থেকে কোচ আনতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে হয়তো দেখা মিলতে পারে একজন ডাচ কোচের।
কোচদের সঙ্গে কথা বলতে জানুয়ারির শুরুতে নেদারল্যান্ডস যাচ্ছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ৪ জানুয়ারি কথা বলবেন তাদের সঙ্গে। আর এই বৈঠক থেকেই চূড়ান্ত হতে পারে সাবকিছু।
অবশ্য তালিকায় থাকা কোচদের নাম প্রকাশ করেননি বাফুফে সভাপতি। তিনি আভাস দিয়েছেন, “এক নামেই চেনা যাবে এবার এমন কাউকে কোচ করতে যাচ্ছি আমরা। এই তালিকায় থাকা দু’জনই ডাচ। অবশ্য চূড়ান্ত না হওয়া পর্যন্ত এখনই তাদের নাম প্রকাশ করতে চাচ্ছি না।”
“জাতীয় দলের বর্তমান পারফরম্যান্স আমাকে ভাবিয়ে তুলেছে। তাই একজন ভালো মানের কোচ আনার প্রয়োজন বোধ করছি আমরা,” যোগ করেন সালাউদ্দিন।
এই কোচের বেতন-ভাতা হিসেবে বছরে গুনতে হবে প্রায় চার কোটি টাকা। এ ব্যাপারে বাফুফে সভাপতি বলেন, “ভালোমানের একজন কোচ আনতে হলে তাকে বেশি টাকা দিতেই হবে। প্রথমিকভাবে ধারনা করছি একজন কোচের জন্য মাসে অন্তত ২০ হাজার ইউরো গুনতে হবে। আর তার সহকারিকে দিতে হবে প্রায় ৮ হাজার ইউরো।”
“সব মিলিয়ে কোচের পেছনে বছরে খরচ হবে প্রায় ৩ লাখ ইউরো। বাংলাদেশী মুদ্রায় তা প্রায় ৪ কোটি টাকার মতো, ” যোগ করেন সালাউদ্দিন।
কোচের এই বেতন ভাতার জন্য একটা স্পন্সরও খুজছে বাফুফে। বাফুফে সভাপতি আশা করছেন ডিসেম্বর শেষ নাগাদ ঠিক হতে পারে এই স্পন্সর।
এরআগে বাফুফে কখনই এত হাই প্রোফাইল কোচের খোঁজে নামেনি। ইউরোপ অথবা ল্যাতিন আমেরিকা থেকে আনলেও বেশির ভাগ ক্ষেত্রেই মাঝারি মানের কোচ আনতো তারা। তাদের বেতন হতো সর্বোচ্চ পাঁচ-ছয় হাজার ডলার।
বাফুফে সভাপতি এবার সাহসী ভূমিকায় নেমেছেন। ভালো একজন কোচ আনতে বেতন-ভাতার দিকে তোয়াক্কা করছেন না তিনি।
