বাংলাদেশ দলের সংবর্ধনা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ দলকে শুক্রবার হোটেল রূপসী বাংলায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ দলকে শুক্রবার হোটেল রূপসী বাংলায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “এই জয় বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নেবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব।”
“প্রতি ম্যাচ জয়ের স্পৃহা নিয়ে খেলেছে ক্রিকেটাররা। এই আত্মবিশ্বাস ও অঙ্গীকার ধরে রাখতে পারলে আমরা আরো এগিয়ে যেতে পারবো,” যোগ করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ আসার আগে কিছুটা দুশ্চিন্তায় থাকার কথা জানিয়ে নাজমুল হাসান বলেন, “টেস্ট সিরিজ নিয়ে একটু ভয়ই পেয়েছিলাম। তবে প্রথম টেস্ট থেকেই ভিন্ন এক বাংলাদেশকে দেখেছি আমরা। প্রথম টেস্ট আমরা জিততেও পারতাম। যেভাবে ওরা (বাংলাদেশ দল) খেলেছে তাতে আমরা জিতলে কেউ অবাক হত না।”
“সোহাগ গাজী, আবুল হাসান, আনামুল হক, মমিনুল হক অভিষেকেই নিজেদের সামর্থে্যর প্রমাণ রেখেছে। তারা দেখিয়েছে, আরো অনেক দূর যাওয়ার সামর্থ্য আমাদের রয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি,” যোগ করেন তিনি।
বিসিবি সভাপতি জানিয়েছেন, ওয়ানডে সিরিজ জয়ী দলের সব সদস্যকে ৮০ হাজার ডলার ভাগ করে দেয়া হবে। দলের ব্যবস্থাপক তানজীব আহসান সাদ ও কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ নাসু পাবেন ৩ হাজার ডলার করে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয়টি ফ্র্যাঞ্চাইজি ও গেম অন সম্মিলিতভাবে ২১ লক্ষ টাকা দিয়েছে বাংলাদেশ দলকে। টেস্টে ভালো খেলায় সোহাগ গাজী ও আবুল হাসান ১ লক্ষ টাকা করে এবং ওয়ানডেতে ভালো করায় অধিনায়ক মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক ও আনামুল হককে ১ লক্ষ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি।
মুশফিক তার বক্তব্যে বলেন, “এটা পুরোপুরি দলীয় প্রচেষ্টায় জয়। এমন একটি দলের অধিনায়ক হওয়ায় আমি গর্বিত।”
“দলে মাশরাফি ভাই, রিয়াদ ভাই, রাজ ভাই, সাকিব, তামিমের মতো ক্রিকেটার আছে। তাদের কারণে বাংলাদেশ দল কখনো সঙ্কটের মধ্যে পড়বে বলে মনে হয় না। তাদের মতো ক্রিকেটাররা থাকলে যে কোনো সমস্যাই মোকাবিলা করা সম্ভব,” যোগ করেন তিনি।
দলের তরুণ খেলোয়াড়দের প্রশংসা করে মুশফিক বলেন, “এই জয়ে অভিষিক্ত খেলোয়াড়দেরও দারুণ অবদান। ওয়ানডে সিরিজে সাকিব ছিল না। কিন্তু নতুনরা নিজেদের মেলে ধরেছে। পুরো বিশ্বকে নিজেদের ক্ষমতা দেখিয়েছে তারা।”
রিচার্ড পাইবাস চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নেয়া শেন জার্গেনসেন, স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাক, দলের ব্যবস্থাপক তানজীব আহসান সাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও মুশফিক বিশেষভাবে বলেছেন গ্রাউন্ডসম্যানদের কথা। তাদের আরো সুযোগ-সুবিধা দেয়ার জন্য বোর্ডের প্রতি আহ্বান জানান তিনি।
বিসিবি সভাপতি অবশ্য জানিয়েছেন, খুলনা ও ঢাকার গ্রাউন্ডসম্যানদের জন্য এরই মধ্যে বিশেষ বোনাস ঘোষণা করেছেন তিনি।
