ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট বিকেএসপিতে ফুটবল অ্যাকাডেমির জন্য আরো ২৭ ফুটবলার বাছাই করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার অনূর্ধ্ব-১৮ বিভাগের জন্য এই খেলোয়াড়দের বাছাই করা হয়।
ফিফার টেকনিক্যাল ডিরেক্টর জাঁ মিশেল বেনেজেত বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮ বিভাগ মিলিয়ে মোট ৬৪ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে।
সোমবার ২৭ জনের মধ্যে ৬ জন স্ট্রাইকার পেয়ে বেনেজেত ভীষণ অবাক। তিনি বলেন, “অনেক দেশেই বাছাই কার্যক্রম পরিচালনা করেছি। কিন্তু এক সঙ্গে এত স্ট্রাইকার কখনো পাইনি। এটা বাংলাদেশের জন্য একটা সুখবর।”
“আমরা এদের প্রথমে ফুটবলার হিসেবে বাছাই করেছি। তারপর আলাদা করেছি পজিশন ভিত্তিতে। প্রত্যেক বিভাগে খেলার জন্য আলাদা-আলাদা যোগ্যতা লাগে। আমরা সে ভাবেই বাছাই করেছি,” যোগ করেন ফিফার টেকনিক্যাল ডিরেক্টর।
বাফুফেকে আরো কম বয়সী খেলোয়াড় বাছাই করার পরামর্শ দিয়ে বেনেজেত বলেন, “সবচেয়ে ভালো হয় অনূর্ধ্ব-১২ বছরের খেলোয়াড়দের বাছাই করলে। ইউরোপে তো ৬ বছর বয়স থেকে বাছাই শুরু হয়। আর এখানে হচ্ছে ১৪ বছর বয়স থেকে। যত কম বয়সে প্রশিক্ষণ দেয়া হবে ততই বেশি জানতে পারবে ছেলেরা।”
“আমি বাফুফে সভাপতিকে বলেছি, অনূর্ধ্ব-১২ ফুটবল উৎসবের আয়োজন করতে। তাহলে তারা খেলতে-খেলতে ফুটবল শিখবে,” যোগ করেন এই ফিফা কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৬ঘ.
bdnews24