২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি ও ফ্যালকাওয়ের অনন্য কীর্তি

এক বছরে জার্ড মুলারের করা সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন লিওনেল মেসি। আর স্প্যানিশ লা লিগায় এক দশকেরও বেশি সময় পর এক ম্যাচে ৫ গোল করেছেন রাদামেল ফ্যালকাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই দিনে লিওনেল মেসি ও রাদামেল ফ্যালকাওয়ের অনন্য কীর্তিতে ভাস্বর স্প্যানিশ লা লিগা। জার্ড মুলারের ৪০ বছর ধরে টিকে থাকা এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভেঙ্গে দিয়ে ২০১২ সালে ৮৬তম গোলের দেখা পেয়েছেন মেসি। আর ফ্যালকাও এক দশকেরও বেশি সময় পর লা লিগার কোনো ম্যাচে ৫ গোল করেছেন। মেসির রেকর্ড গড়ার দিনে রিয়াল বেতিসের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরা বার্সেলোনা ধরে রেখেছে লিগের শীর্ষস্থান। ফ্যালকাওয়ের নৈপুণ্যে দেপোর্তিভো লা করুনাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদও আছে দ্বিতীয় স্থানেই। ১৫ ম্যাচ থেকে বার্সার পয়েন্ট ৪৩, আর অ্যাতলেতিকোর ৩৭। আগের দিন রিয়াল ভ্যালাদোলিদকে হারানো রিয়াল মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। প্রথম ১৫ ম্যাচের হিসাবে লা লিগার ইতিহাসের সেরা সূচনার কীর্তিও গড়েছে বার্সেলোনা। ১৫টির মধ্যে ১৪টিতেই জিতেছে তারা, ড্র করেছে শুধু চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে। বেতিসের মাঠে ১৬ মিনিটে একক নৈপুণ্যে গোল করে মুলারের বছরে ৮৫ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি। ৯ মিনিট পর চিরচেনা বাঁ পায়ের শটে রেকর্ডটা নিজের করে নেন গত তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এ বছর বার্সার হয়ে এটি মেসির ৭৪তম গোল। তার সঙ্গে আর্জেন্টিনার জার্সি গায়ে ১২টি গোল তাকে নিয়ে গেছে অনতিক্রম্য উচ্চতায়। এ মৌসুমে এরই মধ্যে ক্লাবের পক্ষে ৩০ গোল করে ফেলা মেসি কিন্তু এমন অসাধারণ অর্জনের পরও নির্লিপ্ত। তিনি বলেন, “আমি বহু বার বলেছি, রেকর্ড খুবই ভালো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দলের জয়। কারণ জয়ই আমাদের কাক্সিক্ষত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়।” “আমি সব সময় বলি, আমার প্রধান লক্ষ্য দলীয় পর্যায়ের অর্জন। লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে আবার জয় করা,” যোগ করেন আদ্যন্ত ‘টিমম্যান’ মেসি। বার্সেলোনার কোচ টিটো ভিলানোভা তার দলের সবচেয়ে বড় তারকার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, “মেসির মতো খেলোয়াড় আমরা হয়তো আর কখনো দেখতে পাব না। শুধু গোল করার দক্ষতার জন্যই নয়, দক্ষ পাসিং, নিচে নেমে খেলার ক্ষমতা এবং খেলাটাকে বুঝতে পারার অসাধারণ নৈপুণ্যের কারণে সে অনন্য। সে একজন মহাতারকা। আর তার এই পরিচয় আমাদের নানাভাবে সাহায্য করে।” বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকেও প্রিয় সতীর্থের বন্দনায় আত্মহারা। তিনি বলেন, “লিও (মেসি) এক জন অতিপ্রাকৃত প্রতিভা। ওর আসলে কোনো সীমা নেই। সে আমাদের যা দিয়েছে তা আমাদের আজীবন মনে রাখতেই হবে। তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিট আমরা উপভোগ করি।” ফ্যালকাওয়ের কীর্তিও কম নয়। গত দুই মৌসুম তার দুর্দান্ত পারফরম্যান্স ইউরোপা লিগের শিরোপা এনে দিয়েছিল পোর্তো ও অ্যাতলেতিকোকে। দুবারই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। রোববার রাতেও জ্বলে উঠলেন ‘দ্য টাইগার’ নামে পরিচিত কলম্বিয়ান স্ট্রাইকার। লা লিগার এক ম্যাচে সর্বশেষ ৫ গোল করেছিলেন ফার্নান্দো মরিয়েন্তেস, ২০০২ সালের ফেব্রুয়ারিতে রিয়াল মাদ্রিদের হয়ে লা পামাসের বিপক্ষে। প্রায় ১১ বছর পর একই কীর্তি গড়ে ফ্যালকাও উচ্ছ্বসিত। তিনি বলেন, “ছেলেবেলায় বোগোতায় (কলম্বিয়ার রাজধানী) থাকতে এক ম্যাচে ৫ গোল করেছিলাম। পোর্তোর হয়ে ভিলারিয়ালের বিপক্ষে ৪ গোলও করেছিলাম একবার। কিন্তু পেশাদার ফুটবলে কখনো এক ম্যাচে ৫ গোল করতে পারিনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৪ঘ.