২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধ নিয়ে শীর্ষে সুসংহত ম্যান ইউ

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি প্রতিশোধও নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 06:51 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবিন ফন পার্সির শেষ মুহূর্তের লক্ষ্যভেদে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার সিটিকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে শীর্ষস্থান সুসংহত করার পাশাপাশি একটা প্রতিশোধও নিয়েছে ম্যান ইউ। ম্যানচেস্টার ‘ডার্বি’ জয়ের সুবাদে ১৬ ম্যাচ থেকে স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলেও শিরোপা-লড়াই থেকে বেশ পিছিয়ে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি। ‘রেড ডেভিল’ নামে পরিচিত ম্যান ইউর প্রতিশোধের আনন্দও কম নয়। গত মৌসুমের লিগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ‘ডার্বি’তে ৬-১ গোলে উড়ে গিয়েছিল তারা। ম্যান সিটির মাঠে ফিরতি লড়াইয়েও হার মেনেছিল ১-০ গোলে। রোববার ঐ দুই ব্যর্থতার প্রতিশোধ নিয়ে নগর-প্রতিদ্বন্দ্বীকে ঘরের মাঠে প্রায় দুই বছর পর লিগ ম্যাচ হারের যন্ত্রণায় বিদ্ধ করেছে ম্যান ইউ। ইতিহাদ স্টেডিয়ামে ১৬ ও ২৯ মিনিটে ওয়েইন রুনির দুই গোলে এগিয়ে যাওয়া অতিথিরা বিরতির সময় অনেকটাই নির্ভার ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল। ৫২ মিনিটে নিষ্প্রভ মারিও বালোতেল্লির জায়গায় কার্লোস তেভেজকে নামান ম্যান সিটির কোচ রবার্তো মানচিনি। এরপরই আক্রমণের ধার বেড়ে যায় ইংলিশ চ্যাম্পিয়নদের। ৬০ মিনিটে তেভেজের পাস থেকেই ব্যবধান কমান ইয়াইয়া তোরে (২-১)। ৮৬ মিনিটে পাবলো জাবালেতার লক্ষ্যভেদে সমতাও ফেরায় ম্যান সিটি। এরপর মনে হচ্ছিল অমীমাংসিতভাবেই শেষ হবে খেলা। কিন্তু ইনজুরি সময়ে ফন পার্সির এক অসাধারণ ফ্রিকিক ভেঙ্গে দেয় স্বাগতিকদের হৃদয়। শেষ মুহূর্তের নাটকীয়তা জয় এনে দেয়ায় ফার্গুসনের উচ্ছ্বাস একটু বেশিই। খেলা শেষে ম্যান ইউর ইতিহাসের সফলতম কোচ বলেন, “আজকের (রোববার) ম্যাচটা ছিল বিশেষ কিছু। দুই বছর তারা ঘরের মাঠে হারেনি। তাছাড়া আমরা দুই দলই শীর্ষস্থান দখলের লড়াইয়ে শামিল।” “ম্যাচটা দুর্দান্ত হয়েছে। আমাদের সব উত্তেজনা শেষ করে দেয়াই উচিৎ ছিল। তবে ফুটবল একটি বিস্ময়কর খেলা। ৩-০ ব্যবধানের পরিবর্তে হয়ে গেল ২-১। আর সেজন্যই খেলাটা এত জনপ্রিয়,” যোগ করেন ফার্গুসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/০০৪৯ঘ.