২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা অস্ট্রেলিয়ার

নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শিরোপা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘরের মাঠে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শিরোপা অক্ষুন্ন রেখেছে অস্ট্রেলিয়া। এই টুর্নামেন্টে এটি অস্ট্রেলিয়ার টানা পঞ্চম এবং সব মিলিয়ে রেকর্ড ত্রয়োদশ শিরোপা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩-২ গোলে হারিয়েছে পাকিস্তান। রোববারের ফাইনালে ১৮ মিনিটে স্যান্ডার বার্টের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল লন্ডন অলিম্পিকের রুপা জয়ী নেদারল্যান্ডস। ৩১ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান রাসেল ফোর্ড। নির্ধারিত ৭০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে কাইরন গোভার্সের লক্ষ্যভেদ বিশ্বকাপের পর হকির দ্বিতীয়-সেরা টুর্নামেন্টে আরেকটি শিরোপা জয়ের আনন্দে ভাসিয়ে দেয় অস্ট্রেলীয়দের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও প্রথমে গোল করে জিততে পারেনি ভারত। সপ্তম মিনিটে ভি আর রঘুনাথের গোলে পিছিয়ে পড়া পাকিস্তানকে ২১ মিনিটে সমতায় ফেরান মোহাম্মদ রিজওয়ান। ৪১ মিনিটে শাফকাত রসুলের গোলে প্রথম বারের মতো এগিয়ে যায় পাকিস্তান। ৬৭ মিনিটে ব্যবধান ৩-১ করেন মোহাম্মদ আতিক। ইনজুরি সময়ে মানপ্রীত সিং ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/১৯৫০ঘ.