ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু-দুবার পিছিয়ে পড়েও স্প্যানিশ লা লিগায় স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার ভ্যালাদোলিদের মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে গতবারের চ্যাম্পিয়নরা।
শিরোপা লড়াই থেকে অনেকখানি পিছিয়ে পড়া রিয়াল ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ যথাক্রমে ৪০ ও ৩৪ পয়েন্ট।
ভ্যালাদোলিদের বিপক্ষে সপ্তম মিনিটেই স্ট্রাইকার মানুচোর গোলে পিছিয়ে পড়ে রিয়াল। পাঁচ মিনিট পরেই অবশ্য রিয়ালকে সমতায় ফেরান স্ট্রাইকার করিম বেনজেমা। ২২ মিনিটে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। এই গোলও মানুচোর।
বিরতির ঠিক আগে ম্যাচে দ্বিতীয় বারের মতো সমতা নিয়ে আসেন মেসুত ওজিল। ৭২ মিনিটে অসাধারণ এক ফ্রিকিক থেকে ওজিলের আরেকটি গোল জয় নিশ্চিত করে দেয় হোসে মরিনহোর দলের।
শনিবার রাতে স্প্যানিশ লিগের অন্য ম্যাচগুলোতে মালাগা ৪-০ গোলে গ্রেনাদাকে, লেভান্তে একই ব্যবধানে মায়োর্কাকে এবং ভ্যালেন্সিয়া ১-০ গোলে ওসাসুনাকে হারিয়েছে। আর এসপানিওল-সেভিয়া ২-২ ও রিয়াল সোসিয়েদাদ-গেতাফে ১-১ গোলে ড্র করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/১৯৩৩ঘ.
bdnews24